মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে নেমেছে বিএনপি-জামায়াত: নূর

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও উসকানিমূলক কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতিকে আবারও বিপদগ্রস্ত করার অপচেষ্টা চলছে। বর্তমান সরকারকে উত্খাতের জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
আজ রোববার সকালে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সামনে পরিষদের কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এত কিছুর পরও আমাদের অগ্রগতি থেমে নেই। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত আছে, থাকবে।’
মন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশের মানুষ রাজনৈতিক কারণে মানুষ হত্যা করে না, অথচ বিএনপি একটি নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের জনগণকে প্রতিহত করার চেষ্টা করেছে। জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এরই অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর রামগঞ্জ বাজারে আমার গাড়িবহরে হামলা চালিয়ে আমাদের চারজন নেতা-কর্মীকে হত্যা করেছে।’
আজকের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ, শাহিদ মাহমুদ, মোশফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ।
পরে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮২ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজের উদ্বোধনী ফলক ও পরে এরই পাশে মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।