মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মূল ফটকে রিকশা, অটোরিকশা, ট্যাক্সি, মিশুক, অ্যাম্বুলেন্সের ভিড় লেগেই আছে এক সপ্তাহ ধরে। গরমের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় রোগীবাহী যানবাহনের এই ভিড়।গতকাল রোববার কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেল চারটা পর্যন্ত ৪১৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। শনিবার ২৪ ঘণ্টায় ৬৫৭ জন ভর্তি হয়। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে সংক্রমণ আরও বাড়তে পারে।আইসিডিডিআরবির চিকিৎসক এবং বিজ্ঞানীরা বলছেন, মূলত দূষিত পানির কারণেই রাজধানী এবং এর আশপাশের এলাকার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত সাত দিনে রামপুরা, মিরপুর, নাখালপাড়া, বাড্ডা ও সবুজবাগ এলাকার মানুষ হাসপাতালে বেশি এসেছে। রোগীদের বেশির ভাগ নিম্নবিত্ত শ্রেণীর।বিশেষজ্ঞরা বলছেন, সরকার রাতারাতি সবাইকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে না পারলেও কিছু প্রচার-প্রচারণা চালাতে পারে। মানুষকে সচেতন করলেও ডায়রিয়ার প্রকোপ অনেক কমানো সম্ভব। মানুষকে সঠিক তথ্য দেওয়া ও সচেতন করার জন্য সরকারসহ স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ওয়াসাকে একযোগে কাজ করতে হবে।বিজ্ঞানীরা মনে করেন, ডায়রিয়া পানিবাহিত রোগ হলেও এর জীবাণু বাহন ছাড়া পানিতে থাকতে পারে না। পানির মধ্যকার প্লাংটন বা অতিক্ষুদ্র জলজ উদ্ভিদ বাহক হিসেবে কাজ করে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানিতে ক্ষুদ্র এই জলজ উদ্ভিদের পরিমাণ বাড়ে। বর্তমান সময়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির এটা অন্যতম কারণ।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, ব্যয়বহুল হওয়ায় পানি ফুটিয়ে ব্যবহার করা নিম্নবিত্ত বা বস্তিবাসীর পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যায়। সরকার পানি বিশুদ্ধকরণ বড়ির ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিতে পারে। তিনি বলেন, মানুষকে সঠিক তথ্য দেওয়া, বিকল্প পন্থাগুলো জানানো এ মুহূর্তে সরকারের প্রধান কাজ। রেডিও-টেলিভিশনে প্রচার, সংবাদপত্রে বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, এমনকি পাড়ায় পাড়ায় মাইকিং করে সরকার এ কাজটি করতে পারে।ডায়রিয়ার লক্ষণ হচ্ছে ২৪ ঘণ্টায় তিনবারের বেশি পায়খানা, প্রতিবার স্বাভাবিকের চেয়ে পরিমাণে বেশি এবং পাতলা। ডায়রিয়াজনিত রোগের মধ্যে আছে কলেরা, সাধারণ ডায়রিয়া (ইকোলাই ব্যাকটেরিয়া যার কারণ), শিশুদের ডায়রিয়া বা দুধহাগা (রোটা ভাইরাসের সংক্রমণ), রক্ত আমাশয় (সিগালা)। বেশি বিপজ্জনক হলো কলেরা। এতে পায়খানা হয় চাল-ধোয়া পানির মতো, পায়খানা হবে বারবার, জ্বর হবে না এবং কোনো চেষ্টা ছাড়াই আপনা-আপনি পায়খানা হয়ে যাবে।চিকিৎসকেরা বলছেন, ডায়রিয়া দেখা দিলে রোগীকে স্যালাইন খাওয়াতে হবে। পরিস্থিতির উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে।