মানুষকে হুমকির মুখে ফেলে মানুষের নেত্রী হওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে তিনি ঘর থেকে বের হন না। অথচ তিনিই দেশে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দেন। সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলে কখনো মানুষের নেত্রী হওয়া যায় না।
গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে রানার অটো মোবাইলস লিমিটেডের কারখানার পেইন্টশপ উদ্বোধন ও কারখানা পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশ হবে। এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার।’ শিল্পমন্ত্রী দেশের বিত্তবান মানুষকে শিল্পে বিনিয়োগের আহ্বানও জানান।
রানার অটো মোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হুইপ শহিদুজ্জামান সরকার, ভালুকার সাংসদ এম আমান উল্লাহ প্রমুখ।