একশ্রেণীর লোক পাখি শিকারের পর বিক্রি করে। আরেক শ্রেণীর মানুষ সেই পাখি দিয়ে রসনার তৃপ্তি মেটায়। এই দুই প্রকৃতির মানুষের তাণ্ডবে দেশি-বিদেশি হরেক প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। ব্যতিক্রমও আছে। এই যেমন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের বাসিন্দারা। পাখির জন্য গ্রামের একটি মজা পুকুরের পাড়ে রীতিমতো অভয়াশ্রম গড়ে তুলেছে তারা। সেখানে কয়েক হাজার পাখির বাস। পাখিগুলোকে বাসা বাঁধতে সহায়তা করে গাঁয়ের লোক। এমনকি রাত-বিরাতে পাহারার ব্যবস্থাও থাকে পক্ষীকুলের জন্য। ‘সন্ধ্যা থেকে পাখিগুলোর ডাকে হামরা এখন ঘুমে যাই। ফজরের নামাজের সময় আবার জোরে কিচিরমিচির শুরু হয়। তখন ঘুম ভাঙে যায়।’ কথাগুলো বললেন কানাইপুকুর গ্রামের কৃষক মতিজার রহমান। এ যেন দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গানের কলি, ‘কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘ/সেথা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে।’ক্ষেতলাল উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে আলমপুর ইউনিয়নে কানাইপুকুর গ্রাম। ওই গ্রামের আবদুস সামাদ মণ্ডল ও ছোবহান মণ্ডলের পুকুরপাড়ে শতাধিক গাছে শামুকখৈলসহ পাঁচ প্রজাতির পাখি বাস করে। এক যুগের বেশি সময় ধরে সেখানে বাসা বেঁধে আছে মাছরাঙা, পানকৌড়ি, রাতচোরা ও বক। আর এশিয়ার শামুকখৈল পাখি আড়াই বছর ধরে স্থায়ীভাবে বাস করছে গ্রামটিতে। শামুকখৈল ছাড়াও এ পাখি শামুকভাঙ্গা, হাইতোলা মুখ নামে পরিচিত।প্রতিদিন পড়ন্ত বিকেলে পাখিরা এসে আশ্রয় নেয় গ্রামের মণ্ডল পুকুরের গাছগুলোতে। সন্ধ্যায় পুকুরপাড় মুখরিত হয়ে ওঠে পাখির কলকাকলিতে। রাতভর শোনা যায় ওদের ডানা ঝাপটানির শব্দ। নির্বিঘ্নে রাত কাটিয়ে ভোর হলে উড়ে যায় ওরা। দিন শেষে আবার নীড়ে ফিরে।গ্রামের পশ্চিম দিকে পুকুরের কাছাকাছি শুনির জাঙ্গালখাড়ি (খাল) আছে। পাখিপ্রেমীদের মতে, ওই খাড়িই মূলত পাখিদের খাবারের প্রধান আশ্রয়স্থল। এখানে মাছ, ব্যাঙ, কাঁকড়, শামুক, ঝিনুক, পোকা-মাকড় ও বিভিন্ন ক্ষুদ্র জলজ প্রাণী পাওয়া যায়। সে কারণেই পাখিরা খাড়ির কাছাকাছি পুকুরপাড়ের গাছগুলোতে আশ্রয় নিয়েছে।সম্প্রতি ওই গ্রামে গিয়ে কথা হয় পাখি দেখতে আসা জয়পুরহাট মহিলা কলেজের গ্রন্থাগারিক মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘এমন সুন্দর দৃশ্য গ্রামেগঞ্জে পাওয়া কঠিন।’পুকুরের মালিক রাজশাহী জাদুঘরের সাবেক উপপরিচালক আবদুস সামাদ ও তাঁর ছোট ভাই ছোবহান মণ্ডল বলেন, ‘পাখিগুলোকে আমরা বুক দিয়ে আগলে রেখেছি। এখানে পাঁচ প্রজাতির তিন থেকে সাড়ে তিন হাজার পাখি আছে। ১০-১৫ বছর ধরে পাখিগুলো এখানে আছে।’আবদুস সামাদের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোহসেনা বেগম বলেন, অনেক দিন ধরে পাখি শিকারিরা এখানে আসতে পারে না। আর বন্দুকের গুলি ছোড়ার তো প্রশ্নই ওঠে না। কারণ হিসেবে তিনি বলেন, এমনিতেই গ্রামবাসী এ ব্যাপারে সচেতন। তার ওপর পাঁচ-ছয়জন তরুণ রাতেও মাঝেমধ্যে পাখিগুলোকে পাহারা দেয়।আবদুস সামাদ জানান, গাছের শুকনো ডালপালা যেসব দিয়ে পাখিরা বাসা বানায়, তাঁরা সেসব কুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখেন। পাখিরা সেখান থেকে ডাল নিয়ে বাসা বানায়।বাঁশঝাড়সংলগ্ন একটি বড় বটগাছে বর্তমানে বেশি আছে শামুখখৈল। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। এর মধ্যে বট, পাকুড়, জাম, তেঁতুল, আম, সেগুন, কড়ই অন্যতম। পাশের গ্রাম বানাইচের সফিকুল আলম তালুকদার, দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ, নূরুল ইসলাম জানান, কানাইপুকুর গ্রামটি এখন পাখিদের অভয়াশ্রম। পাখিগ্রাম হিসেবে হাজার হাজার মানুষ পাখি দেখতে আসে এখানে।ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, ‘ছোট্ট একটা গ্রামে এত পাখি থাকতে পারে, না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা ইতিমধ্যে এলাকার সচেতন মহলকে অনুরোধ করেছি, পাখিগুলো যাতে না মারা হয়। আমরা ওখানে একটি সাইনবোর্ড টানানোর ব্যবস্থা করব। কারণ এগুলো দেশের সম্পদ।’