
একাত্তরে আমরা সীমান্ত পার হওয়ার সময় দেখেছিলাম কী অত্যাচার মিলিটারি জান্তারা করেছিল। তেমনই নির্যাতন আজ মিয়ানমারে হচ্ছে। রোহিঙ্গাদের ওপর অত্যাচার, দেশ থেকে তাদের বিতাড়িত করা, গুলিবর্ষণে শিশু হত্যা, নারী ধর্ষণ—সবই কী অমানবিক, কী মর্মান্তিক!
মিয়ানমারের সেনাবাহিনীর আচরণের সমালোচনা করছে সারা বিশ্ব। অং সান সু চি কি তাঁর গৃহবন্দী দিনগুলোর কথা ভুলে গেছেন? এই সেনাবাহিনীই তো তাঁর স্বামীর মৃত্যুর পর শেষ দেখাটাও দেখতে দেয়নি। একবারও মনে পড়ছে না তাঁর নিজের সন্তানের কথা? এখন তিনি নিজেই কত মায়ের বুক খালি করছেন!
আমরা মিয়ানমারের এই নিষ্ঠুর আচরণের নিন্দা জানাই। আরাকানে মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের এখনই প্রতিরোধে এগিয়ে আসা উচিত। জাতিসংঘের হিসাবে শরণার্থীর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
এই মানুষগুলোর কী অপরাধ? যে শিশু বুঝতেই শেখেনি পৃথিবীর নিষ্ঠুরতা, যে মা শিশুকে স্তন্য পানে ব্যস্ত, যে বাবা সংসারের ক্ষুধা মেটানো ও একটি সুখী সুন্দর গোছানো সংসারের দায়িত্বে মগ্ন, তাঁদের ওপর অতর্কিত আক্রমণ হলো। গোলাগুলি, চিৎকার, আহাজারি। বাঁচার লড়াই—কার আগে কে পালাবে!
রক্তে ভেসে যাচ্ছে নাফ নদীর পানি। পানির রং নেই, কিন্তু নাফের পানি আজ রঙিন। মিয়ানমারের সামরিক জান্তাদের প্রিয় রং কি লাল? ওরা পানির নীল রং দেখেনি? দেখেনি মাঠের সবুজ ঘাস, সোনালি রোদের হাসি? গভীর সমুদ্রের ঝিনুকের ভেতর সাদা মুক্তো দেখেনি কখনো?
মুসলমান রোহিঙ্গারা মিয়ানমারে থাকতে পারবে না কেন? তারা মানুষ নয়? তাদের পূর্বপুরুষদের ভিটে মিয়ানমারে। এত বছর তারা সেখানেই থেকেছে। তাদের ওপর নিষ্ঠুর মিয়ানমার সরকার গণহত্যা চালাচ্ছে। হিটলার-মুসোলিনির মতো।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার মূল পরিচয় একটাই—‘মানুষ’। রোহিঙ্গাদের মনুষ্যত্বের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। ওদের বাপ-দাদার মাটিতে ওরা যেন ফিরে যেতে পারে। আল্লাহর চোখে আমরা সবাই এক জাত। মানুষে মানুষে বিভাজনের অধিকার কারও নেই।