মানুষের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ ষ ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ ষ ছবি: প্রথম আলো

পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়, আলাপে-আড্ডায় একসঙ্গে অন্য রকম আনন্দঘন এক ছুটির দিনের সন্ধ্যা উপভোগ করেছেন বগুড়ায় প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠানে আসা পাঠক-সুধী ও শুভানুধ্যায়ীরা।

প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সুধীজনদের নিয়ে গতকাল শুক্রবার শহরের ডিসি বাংলো সড়কের ‘বগুড়া কনভেনশন সেন্টার’-এ সম্মিলনীর আয়োজন করা হয়। পুরো আয়োজনটি ছিল অতিথিদের হার্দিক আড্ডার মিলনমেলা। সন্ধ্যা ছয়টার আগেই সেন্টারের সবুজ চত্বরে আসতে শুরু করেন অতিথিরা। চা-চক্রের সঙ্গে চলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যা সাতটার মধ্যে একে একে চলে আসেন সাংসদ, রাজনীতিক, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনবিদ, ব্যবসায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, মানবাধিকারকর্মী, নারীনেত্রী, লেখক-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সর্বস্তরের সুধীজনেরা। অতিথিদের কেউ কেউ প্রথম আলোর ১৫ বছর পূর্তির শুভেচ্ছা জানান ফুল দিয়ে। অতিথিদের সরগরমে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।

আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পর্বের সূচনা করেন প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান। এরপর প্রথম আলোর বর্ষপূর্তি আয়োজনে এবারের মূল ভাবনা ‘পথ হারাবে না বাংলাদেশ’-এর ওপর নির্মিত ‘আশা আছে’ প্রামাণ্যচিত্র দেখানো হয়।

বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, ‘প্রথম আলো প্রথম থেকেই পথ হারায়নি, কখনো হারাবেও না। প্রথম আলোকে কখনো পথ হারাতেও দেব না আমরা। কারণ, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রথম আলোর মতো একটি পত্রিকার ভূমিকা খুবই জরুরি।’

অতিথিদের সম্ভাষণ জানিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বগুড়া কৃষিপ্রধান অঞ্চল। কৃষি-শিক্ষা-শিল্প নানা ক্ষেত্রে বগুড়া গুরুত্ব পাওয়ার যোগ্য। এ গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রথম আলো এখন এই জেলা শহর থেকে ছাপা হচ্ছে। প্রথম আলোর ১৫ বছর পূর্তিতে তাই বগুড়ার পাঠক-শুভানুধ্যায়ীদের সঙ্গে আমরা প্রীতি সম্মিলনীতে মিলিত হয়েছি।’

মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে। প্রথম আলো বিভিন্নভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে তুলে ধরার চেষ্টা করছে। আমরা সবাই মিলে ভালো থাকি। ভালো থাকুক বাংলাদেশ—এই আমাদের প্রত্যাশা। কিন্তু সবার মনেই উদ্বেগ-উৎকণ্ঠা ‘বাংলাদেশ ভালো থাকবে তো? পথ হারাবে না তো?’

মতিউর রহমান বলেন, দেশ এখন গভীর সংকটের দিকে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে—এটা নিয়ে সবার উদ্বেগ-উৎকণ্ঠা। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে, এটাই সবার প্রত্যাশা। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ও পরিবর্তনের চেয়ে ভালো কোনো পথ নেই। কিন্তু জাতির সামনে শুধু হতাশা। অথচ গত দুই দশকে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশ এগিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে, শিশু মৃত্যুহার, মাতৃত্বজনিত মৃত্যু হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছে বাংলাদেশ।

নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মতে, সংকট-সীমাবদ্ধতা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে উন্নতিতে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

তিনি বলেন, এই অগ্রগতি আরও এগিয়ে যেতে পারে। কারণ, এ দেশে ৬০ শতাংশই তরুণ। দুই দশক ধরে বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশ অব্যাহত রয়েছে। দেশের কৃষকেরা খাদ্যের চাহিদা মিটিয়েছেন। আবাদি জমি কমার পরও কৃষিতে বিপ্লব ঘটেছে। শিল্প-বাণিজ্য, প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি অভাবনীয়। ক্রিকেটেও বাংলাদেশ সারা বিশ্বে বিজয়ের পতাকা ওড়াচ্ছে। সৃজনশীল উদ্যোগ, ব্যক্তিসাফল্য—সবকিছুতেই এগিয়ে দেশ। উদ্ভাবনী শক্তির অপূর্ব উদ্যম বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠিয়ে প্রবাসীরা এবং পোশাকশ্রমিকেরা তাঁদের শ্রমে-ঘামে এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক পরিবেশ সংঘাতপূর্ণ না হলে, দেশে সুশাসন থাকলে, জবাবদিহি থাকলে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এই অগ্রগতি আরও ত্বরান্বিত হতো।

মতিউর রহমান বলেন, শত সংকটের মধ্যেও বাংলাদেশকে নানাভাবে এগিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা করছে প্রথম আলো। বাংলাদেশের অগ্রগতি ও ইতিবাচক খবর তুলে ধরছে পত্রিকাটি। তিনি বলেন, অতীতে বিভিন্ন সংকটে দেশের মানুষই উত্তরণের পথ খুঁজে নিয়ে অগ্রগতি অব্যাহত রেখেছে। নিজের অবস্থার উন্নতির পাশাপাশি সামষ্টিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারী-পুরুষের সম-অধিকার থেকে বিচ্যুত হবে না কখনো। পথ হারাবে না বাংলাদেশ। সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাবে সামনের দিকে। গণমানুষের এই অগ্রযাত্রায় প্রথম আলো তাঁদের সঙ্গে বিনয়ী সহযাত্রী হিসেবে পাশে থাকবে।

এরপর ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ সমাপনী রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে পর্দায় তুলে ধরা হয় প্রথম আলোর নানা সামাজিক কার্যক্রম। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা যোগ দেন নৈশভোজে। হেমন্তের মিষ্টিমধুর এক আনন্দঘন সন্ধ্যার স্মৃতি আর ‘পথ হারাবে না বাংলাদেশ’ এমন দৃঢ় প্রত্যাশা নিয়ে মিলনমেলা থেকে ঘরে ফেরেন অতিথিরা।

 অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন ক্ষমতাসীন দলের সাংসদ আবদুল মান্নান, হাবিবুর রহমান ও শেফালী খাতুন; বিএনপির সাংসদ মোস্তফা আলী, জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ প্রমুখ।