মানুষের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। কোনো মহল যাতে অসত্ উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ভোরের কাগজ আয়োজিত জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।গণমাধ্যম সমাজ পরিবর্তনের হাতিয়ার উল্লেখ করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘কায়েমি স্বার্থ অগ্রাহ্য করে গণমানুষের বৃহত্তর স্বার্থে গণমাধ্যম সঠিক ভূমিকা পালন না করলে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না। সাংবাদিকদের এ ধরনের মানসিকতা অর্জন করতে হবে।’গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং প্রহরী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের জহুর হোসেন চৌধুরীর মতো পেশাদার ও আদর্শবাদী হতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে দেশে আজ জহুর হোসেনের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকের বড়ই প্রয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে জানান রাষ্ট্রপতি।ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং জহুর হোসেন চৌধুরীর পরিবারের সদস্যদের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক তাজিন চৌধুরী।‘উদীয়মান গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক কুলদীপ নায়ার। তিনি বলেন, ‘বিকাশকালে গণতন্ত্রকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়, তবে এর মধ্যে দুটি খুবই মারাত্মক। এর একটি হলো মৌলবাদ এবং অন্যটি সামরিক হস্তক্ষেপ।’কুলদীপ নায়ার বলেন, ‘সমাজে তথ্য ও সংবাদ বিতরণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে গণমাধ্যম সমাজ ও সরকার, শাসক ও শাসিত এবং নীতিনির্ধারক ও সাধারণ মানুষের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রচর্চায় মুক্ত ও সুস্থ সংবাদমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের দায়িত্বও অনেক।’তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, দেশে গণমাধ্যম এবং বাকস্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলেই দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। সরকারের দোষ-ত্রুটি শনাক্ত করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গণমাধ্যম যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহূত হয়, তাহলে তার ফলাফল কখনোই ভালো হবে না।’ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।