নাগরিক ঐক্যের গোলটেবিল আলোচনা
মানুষের অধিকারের বিষয়ে আপস না করতে নতুন মন্ত্রীদের প্রতি আহ্বান
নাগরিক ঐক্য আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বক্তারা মানুষের অধিকারের বিষয়ে আপস না করতে গতকাল শপথ গ্রহণকারী নতুন মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, ‘দায়িত্ব পাওয়ার আগে জনগণের দাবি নিয়ে আপনারা যেভাবে সোচ্চার ছিলেন, সরকারের ভেতরেও একইভাবে সোচ্চার থাকবেন।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক সংকট: পরিত্রাণের উপায়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনাটি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনায় চলমান রাজনৈতিক সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করা হয়। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দাবি জানানো হয়।নতুন মন্ত্রীদের উদ্দেশে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক বলেন, ‘শপথ নেওয়ার আগে সম্পত্তির হিসাব দিন। তাড়াহুড়োর কারণে শপথের আগে সম্ভব না হলেও অন্তত মন্ত্রীর চেয়ারে বসার আগে সম্পদের হিসাব দিয়ে জনগণের কাছে নিজেদের স্বচ্ছ প্রমাণ করুন।’আগামী নির্বাচন প্রসঙ্গে শাহ্দীন মালিক বলেন, দলগুলো গণতান্ত্রিক ধারায় পরিচালিত না হলে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির কিছুটা সংশোধন করে এর অধীনে নির্বাচন হওয়াটাই চলমান রাজনৈতিক সংকট উত্তরণের উপায়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার যখন জনগণের আমানতের চার হাজার কোটি টাকা লুটপাট করে, সাধারণ জনগণকে গুম করে, ক্ষমতা কেন্দ্রীয়করণ করে; সে দেশের সংকট কত ভয়াবহ, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, ‘আরও অনেক বেশি ফ্যাসিস্ট সরকার থেকে বাঁচতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বললেও নির্বাচন কমিশন কীভাবে সেই নির্বাচন সম্পন্ন করবে, তা নিয়ে কেউ ভাবে না। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যায়, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আগামী নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে এক হয়ে সিদ্ধান্ত নিতে হবে। সভাপতির বক্তৃতায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করার দায়িত্ব দুই নেত্রীর। সরকারি দল নির্বাচনের পথ ঠিক করবে, আর বিরোধী দল তাতে সহযোগিতা করবে। ব্যর্থ হলে জনগণ তাঁদের ক্ষমা করবে না।আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, নাগরিক ঐক্যের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, নঈম জাহাঙ্গীর, গোলাম মাহমুদ, জিল্লুর রহমান প্রমুখ।