প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, দীর্ঘদিন পরে হলেও বিচার বিভাগ শাসন বিভাগ থেকে আলাদা হয়েছে। এর ফলে জনগণের বিচার পাওয়া সহজ হয়েছে। যাঁরা বিচারক হিসেবে কাজ করেন, তাঁদের যেমন মানুষের আইনগত অধিকার নিয়ে সচেতন থাকতে হবে, তেমনই সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে বিচারকাজ করতে হবে। শুধু বিচারক নন, বিচার কাজে যাঁরা সহায়তা করেন অর্থাৎ বিজ্ঞ আইনজীবীরাও সততার সঙ্গে বিচারকাজে সহায়তা করবেন। তাহলেই দেশের মানুষের আইনের অধিকার সুনিশ্চিত হবে।প্রধান বিচারপতি গতকাল বুধবার সন্ধ্যায় শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, জেলা ও দায়রা জজ এম. মুরশীদ আলম, মুখ্য বিচারিক হাকিম মিয়া মোহাম্মদ আলী আকবার আজীজী, সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল প্রমুখ।এর আগে বিকেল সাড়ে চারটায় প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থিত হয়ে বিচারকাজ পর্যবেক্ষণ করেন।