ভাষাসৈনিক আবদুল মতিন সব সময় মানুষের আন্দোলনের সঙ্গে ছিলেন। সব শ্রেণির মানুষের সঙ্গে তিনি মিশতে পারতেন। সারা জীবন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, আপস করেননি।
গতকাল শুক্রবার রাজধানীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজিত আবদুল মতিনের স্মরণসভায় আলোচকেরা এসব কথা বলেন।
আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, ধনী পরিবারের সন্তান হয়েও ভাষা-মতিন সহজ সরল জীবন যাপন করতেন। তিনি অসাম্প্রদায়িক ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে মওলানা ভাসানীর সঙ্গে কৃষক আন্দোলনে যুক্ত হন। তাঁর দুই ভাই রক্ষীবাহিনীর হাতে নিহত হওয়ার পর তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আরও বেশি সোচ্চার ভূমিকা পালন করেন।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমাদের সাথে ভাষাসৈনিক আবদুল মতিনের পথ আলাদা হলেও লক্ষ্য এক ছিল। জাতির সন্ধিক্ষণে ভাষা-মতিন ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। সারা জীবন নিপীড়িত মানুষের পক্ষে কাজ করেছেন।’ সৈয়দ হাসান ইমাম আরও বলেন, ভাষা-মতিন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। ৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া যখন সবাইকে দলে ভেড়াচ্ছিলেন, তখনো স্বৈরাচার জিয়ার সঙ্গে আপস করেননি আবদুল মতিন।
উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীষ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য ভাষা-মতিন সম্বন্ধে বাস্তব ও সঠিক তথ্য লিখিত আকারে প্রকাশ করার প্রয়োজন রয়েছে।