মানুষের আশা মেটাতে কাজ করবে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সামসুল আরেফিন
মো. সামসুল আরেফিন

সদ্য বিদায়ী জেলা প্রশাসকের ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। ‍তিনি বলেন, চট্টগ্রামকে উন্নতির শিখরে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষ যে ধরনের প্রশাসন আশা করে, সেভাবেই প্রশাসনকে ঢেলে সাজানো হবে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা কম। চট্টগ্রামের ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণে আছেন। এ কারণে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। চট্টগ্রামে আরও ম্যাজিস্ট্রেট যাতে পদায়ন করা হয়, সে জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।
সামসুল আরেফিন বলেন, কর্ণফুলীর তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ জন্য বড় পরিকল্পনা ও বাজেট প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।

এর আগে সকালে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা চট্টগ্রামের সব বধ্যভূমি ও গণকবর সংরক্ষণের দাবি জানান।

এ ছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার কাজে প্রশাসনের সহযোগিতা চান তাঁরা। মতবিনিময় সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম চৌধুরী, মহানগর কমান্ডার মোজাফফর আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।