মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে দৃশ্যমান কিছু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বিশিষ্টজনেরা মত দিয়েছেন, সত্যিকারভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। এর জন্য দুদককে দৃশ্যমান কিছু করতে হবে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার দুদক ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দুইয়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ সেমিনার হয়।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধটি ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মাদ মোহাব্বত খানের। তাঁর অনুপস্থিতিতে প্রবন্ধটি পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। প্রবন্ধে বলা হয়, ‘বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য বিরোধী দলকে ক্ষমতায়নের কোনো উদাহরণ আমাদের সামনে নিয়ে আসেনি। যে কারণে গত দুই দশকে আমরা শুধু দেখেছি রাজনৈতিক অনাস্থা ও অসহিষ্ণুতা, যা কখনো দুর্নীতি প্রতিকারের জন্য সহায়ক নয়।’
সেমিনারে প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, দুদকের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার মূল্য দিতে হলে দুদককে বর্তমান প্রশাসনিক কাঠামো থেকে মুক্ত হতে হবে। তাঁর আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন ছিল উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ—উভয় আমলেই তাঁর কমিশন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে। স্বাধীন হতে হলে অধিদপ্তর স্ট্যাটাস থেকে মুক্ত করার দায়িত্ব দুদককেই নিতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা, সঠিক বিচার ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি করা হলে দুর্নীতি রোধ করা সম্ভব।’
সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, ‘অঙ্গীকারের প্রতি আমাদের নেতিবাচক ধারণা রয়েছে। সদিচ্ছা থাকলে দুর্নীতির প্রতিকার সম্ভব।’ প্রাবন্ধিক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দুদকের প্রতি আস্থা বাড়াতে হলে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে। ক্ষমতাবানদের আইনের আওতায় আনার বিষয়ে জোর দেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দুর্নীতিবাজেরা যদি দুদককে ভয় না পায়, তাহলে দুর্নীতি আরও বাড়বে। দুর্নীতিবিরোধী সংবাদ প্রকাশ করে রোষানলে পড়া সংবাদকর্মীদের সহায়তায় ‘মিডিয়া সাপোর্ট সেল’ করার পরামর্শ দেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘এক-এগারোর সময়ে দুদক অনেক ভালো ভূমিকা পালন করেছে। ওই সময় অনেককে ধরে-বেঁধে এনে মামলায় জড়ানো হয়েছে। এর ঘানি এখনো আমাদের টানতে হচ্ছে।’
দুর্নীতির খবর প্রকাশের জেরে প্রথম আলোর বাউফল প্রতিনিধিকে পুলিশি নির্যাতন ও তাঁর বিরুদ্ধে মামলার বিষয়ে সেমিনারে উপস্থিত একজন অতিথি দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির খবর প্রকাশ করে সংবাদকর্মীরা যেমন হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, তেমনি অনেক সময় ভিত্তিহীন সংবাদও প্রকাশ করা হচ্ছে। বড় কোম্পানিগুলোর মালিকানায় সংবাদমাধ্যম থাকার কারণে অনেক সময় প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়।
সেমিনারে আরও বক্তব্য দেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন, বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক মাহফুজা খানম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক রাহাত খান, কাজী সিরাজ, সোহরাব হাসান প্রমুখ।