জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মালোপাড়ার মানুষের আস্থায় চিড় ধরেছে। তাঁদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এ আস্থা ফিরিয়ে এনে পাড়াটিতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাঁদের সমস্ত ক্ষতিপূরণও রাষ্ট্রকে বহন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ার ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে এক সমাবেশে চেয়ারম্যান এ কথা বলেন। মিজানুর রহমান বলেন, মালোপাড়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ দায়িত্ব পালন করবে রাষ্ট্র। তিনি বলেন, শুধু শাড়ি, কম্বল, ঢেউটিন ও ৩০ কেজি করে চাল দিলে তাঁদের পুনর্বাসন হয় না।
মালোপাড়ার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, আপনারা সাহস হারাবেন না। সমগ্র রাষ্ট্র আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত। যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মাইনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
গত রোববার সকালে উপজেলার চাঁপাতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন এবং মালোপাড়ার লোকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেন। তাঁদের কথা উপেক্ষা করে মালোপাড়ার বিশ্বনাথ সরকার (৪০) ও শ্যামল সরকার (৩৭) ভোট দিলে তাঁদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যা সোয়া ছয়টায় জামায়াত-শিবিরের দুই শতাধিক কর্মী চাঁপাতলা মালোপাড়ায় অতর্কিতে হামলা চালান এবং ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে থাকেন। এ সময় শতাধিক বাড়ি, একটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় এবং ১০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জামালপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এফবিসিসিআই: এফবিসিসিআইয়ের পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম গতকাল সদর উপজেলার ভাগরা গ্রামে নির্বাচনবিরোধীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত আদিবাসী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।