মানুষের ওপর থেকে করের বোঝা কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। তবে করের বোঝা কমানোর ব্যাপারে দলগুলো একমত পোষণ করেছে।
গতকাল শনিবার পৃথক বিবৃতিতে বাম ঘরানার কয়েকটি দল ও সংগঠন বাজেটের প্রতিক্রিয়ায় এই মত পোষণ করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বাজেটকে ধনিকশ্রেণির স্বার্থরক্ষার একটি গতানুগতিক দলিল হিসেবে উল্লেখ করে একে প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, বাজেটের ঘাটতি পোষাতে ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে ঋণের বোঝা চাপানো হচ্ছে। এই বাজেট ধনীকে আরও ধনী আর গরিবকে আরও গরির করবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বাজেটকে ‘সম্মুখযাত্রার’ বলে উল্লেখ করেছেন। এই বাজেট বাস্তবায়ন অসম্ভব নয় বলে তাঁরা মত দিয়েছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রতিক্রিয়ায় বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ জনকল্যাণ খাতে বরাদ্দ আগের মতোই আছে। এই বাজেট দিয়ে মানব উন্নয়ন হবে না ও সেবা বাড়বে না। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার ইচ্ছাপত্রের দলিল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর কার্যকর পদক্ষেপ নেই।
অন্যদিকে গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এক বিবৃতিতে বলেছেন, এবারও বাজেটে সামরিক খাতের বরাদ্দ নিয়ে খোলামেলা আলোচনা নেই। এই বাজেট পাসের ধারা আমলাতান্ত্রিক। গতকাল শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ যুব মৈত্রীর সভায় বলা হয়েছে, বাজেটে কৃষি ও কৃষককে বাঁচানোর কোনো পদক্ষেপ নেই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বিবৃতিতে বলেছেন, সাধারণ মানুষের ওপর বিভিন্ন কায়দায় করের বোঝা চাপানো হয়েছে। এ ছাড়া সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও জাতীয় গণতান্ত্রিক লীগ পৃথক বিবৃতিতে বাজেট জনমুখী নয় বলে উল্লেখ করেছে।