মানুষের ওপর হামলা ও সম্পদ নষ্ট করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান আন্দোলনে ‘দেশের কোথাও কোনো নিরপরাধ সাধারণ মানুষের ওপর যেন হামলা না হয়, কোথাও যেন তাদের সম্পদ নষ্ট করা না হয়’ সে জন্য ১৮-দলীয় জোট এবং আন্দোলনরত অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নিরীহ নিরপরাধ সাধারণ মানুষের ওপর পৈশাচিক হামলা চালিয়ে জীবন কেড়ে নিচ্ছে। যাত্রীবাহী যানবাহনে বোমা মেরে, আগুন দিয়ে জীবন্ত দগ্ধ করা হচ্ছে। বৃদ্ধ, নারী ও শিশুরা এই জঘন্য হামলার শিকার হচ্ছে। অগ্নিদগ্ধ লোকজন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। এসব ঘটনা প্রমাণ করে, সরকার জননিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।

এসব নাশকতার ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকারি দল ও প্রধানমন্ত্রী নাশকতার এসব ঘৃণ্য কার্যকলাপকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে কোনো অপরাধীকে আটক করতে না পারায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়াই বিরোধী দলকে দায়ী করে সরকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মিথ্যা অজুহাতে বিরোধী দলের বিরুদ্ধে দমননীতি চালানোর প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া দাবি করেন, প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় ও আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের জবানবন্দিতে দেশবাসী জেনেছেন, দলীয় সভানেত্রীর জ্ঞাতসারে তাঁর দলের যুবনেতারা বাসে গানপাউডার দিয়ে মানুষ মারার পৈশাচিক কার্যকলাপে নেতৃত্ব দিয়েছেন। পোশাকশিল্পে নাশকতায়ও আওয়ামী লীগ জড়িত। এই নেতারা কেউ কেউ মন্ত্রিপরিষদেও ছিলেন এবং এখন একতরফা নির্বাচনে মনোনয়নও পেয়েছেন।

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, তাঁর দলের নেতা-কর্মীরা আন্দোলনে নেমে প্রতিদিন পুলিশ, র‌্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে জীবন দিচ্ছেন। তিনি দাবি করেন, তাঁদের আন্দোলন দেশ বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য। সাধারণ মানুষের প্রাণসংহার বা তাদের ব্যক্তিগত সম্পদহানির জন্য নয়। কিন্তু একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা ভাঙচুর, অগ্নিসংযোগ করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে যাঁকেই কথা বলার দায়িত্ব দেওয়া হচ্ছে, পুলিশ তাঁকেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে বা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও গোয়েন্দাদের দৃশ্যমান ও অদৃশ্যমান তৎপরতায় বিরোধীদলীয় নেতাকে তাঁর গুলশান কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সরকারের সমালোচনা করার দায়ে অনেক টেলিভিশন ও সংবাদপত্র বন্ধ করে দিয়ে সরকারের সমর্থনপুষ্ট গণমাধ্যমে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। ভিন্নমত দমনের মাধ্যমে দেশে ভারসাম্যহীন এক অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে।

সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘উৎপীড়ন ও নির্মূল অভিযান ছেড়ে সমঝোতার পথে আসুন। চক্রান্ত ও অন্তর্ঘাতের পথ পরিত্যাগ করে শান্তি ফিরিয়ে আনুন।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারদলীয় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থায় রাজপথে নামিয়ে, বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে তাঁদের মাঠে নামার আহ্বান জানাচ্ছেন।

খালেদা জিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং নির্বাচন কমিশনকে বিশেষ দলের ক্রীড়নক হিসেবে ব্যবহূত না হতে ও তফসিল স্থগিত করতে আহ্বান জানান। তিনি প্রহসনের নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত ও অতি নিকটবর্তী।’