মানুষের কথার ভয়ে সাইকেল চালানো হয়ে ওঠেনি: নিশাত মজুমদার
এভারেস্টজয়ী নিশাত মজুমদার বলেন, ‘আমার ভাই ও আমি টাকা জমিয়ে ছোটবেলায় সাইকেল কিনেছিলাম। রাস্তায় বের হয়েই শুনতে হয়েছিল, অ্যা, মাইয়া মানুষ আবার সাইকেল চালায়। মানুষের কথার ভয়ে নিয়মিত সাইকেল চালানো হয়ে ওঠেনি।’
বিডিসাইক্লিস্টসের ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মূল সনদ উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন নিশাত মজুমদার। আজ শনিবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সংগঠনটি এর আয়োজন করে।
অনুষ্ঠানে নিশাত মজুমদার বলেন, সে অবস্থার বদল হয়েছে। মেয়েরা এখন সাইকেল চালাচ্ছে। এর অনেকটাই হয়েছে বিডিসাইক্লিস্টসের জন্য।
ব্যাংকার মো. শামসুজ্জামান আরাফাত দৌড়ে ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছেছেন। তিনবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। তিনি বলেন, ‘জ্বর হলে আমি ডাক্তারের কাছে যাই না, উঠে ১০ কিলোমিটার দৌড়ে আসি। জ্বর ভালো হয়ে যায়। ২০১১ সাল থেকে এখনো আমি ডাক্তারের কাছে যাইনি। এর কারণ সাইক্লিং, সুইমিং এবং দৌড়ানো।’
অনুষ্ঠানে সংগঠনটির যাত্রা শুরুর দিকের উদ্যোক্তা মোজাম্মেল হক বলেন, ‘সাইক্লিং আমার নেশা; নাগরিক জীবনের বিনোদন। গিনেসের স্বীকৃতি আমাদের কেবল একটি চূড়ার সন্ধান দিয়েছে, এখন অন্যগুলোতে পৌঁছাতে হবে।’
মাহমুদুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সাইকেল চালিয়ে অফিসে যাওয়া-আসা করেন। তিনি বলেন, এটা পরিবেশবান্ধব। তবে নিরাপদ সাইক্লিংয়ের জন্য আলাদা লেনসহ কিছু প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মূল সনদ মঞ্চে আনা হলে সাইক্লিস্টদের মুহুর্মুহু করতালিতে হলঘরটি ফেটে পড়ে। এতে দেখানো হয় বিভিন্ন সময়ের কার্যক্রমের ছবি নিয়ে তৈরি ভিডিও চিত্র। এ ছাড়া ছিল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শুভেচ্ছাবার্তা। এরপর অনুষ্ঠিত হয় গান। সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ফুয়াদ আহসান চৌধুরীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রায় ৫০০ সাইক্লিস্টস।
গত ১৬ ডিসেম্বর প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ চলন্ত সাইকেলের সারি তৈরি গড়তে ১ হাজার ১৮৬ সাইক্লিস্ট অংশ নেন। গত ১৭ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়। অনুষ্ঠানের আগে সংগঠনটি ওই দিন অংশগ্রহণকারী সাইক্লিস্টদের সনদ ও মেডেল দেয়।