মানুষের কল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সাধারণ মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করার জন্য রোটারিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে ভাষণদানকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রত্যন্ত অঞ্চলে নিভৃতে থেকে যাঁরা নিঃস্বার্থভাবে সেবা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করেন, তাঁদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘স্বীকৃতি উৎসাহ সৃষ্টি করে, ভালো কাজে অনুপ্রাণিত করে।’ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন নন রোটারিয়ান রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তিরা হলেন: কৃষিতে জাহাঙ্গীর আলম, পরিবেশে মাসুদুর হক চৌধুরী, শিক্ষায় প্যাট্রিসিয়া সিলভেস্টার কের ও মাহবুব জামাল, স্বাস্থ্যে এম নূরুল আমিন, সাংবাদিকতায় এম কামরুজ্জামান এবং ক্রীড়ায় এম রফিকুল আখতার মিলন।রাষ্ট্রপতি বলেন, ধনীরা দরিদ্রদের সাহায্য করলে এবং সচ্ছল ও সম্পদশালী ব্যক্তিরা সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে এলে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। রোটারিয়ানদের নিঃস্বার্থ কাজের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তাঁদের ধন্যবাদ জানান। তিনি দেশে পোলিও নির্মূল, ঢাকায় ক্যানসার নির্ণয়কেন্দ্র স্থাপন ও উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশের রোটারিয়ানদের প্রশংসা করেন।