মানুষের কল্যাণে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় মানুষের কল্যাণে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার গণভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারে, সে জন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপন করছে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ আনন্দ করার খুব একটা সুযোগ পায় না। মানুষ যাতে ঈদে আনন্দ করার সুযোগের সদ্ব্যবহার করতে পারে, সে জন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে।’প্রধানমন্ত্রী বুধবার সকাল ১০টায় প্রথমে দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টা থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, প্রতিনিধি, দাতা সংস্থা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পরস্পরের খোঁজখবর নেন।