আজীবন সংগ্রামী কৃষকনেতা এবং কৃষিবান্ধব কৃষক সংগঠন ও নিরাপদ খাদ্য আন্দোলনের পুরোধা আইয়ুব হোসেন কৃষি ও কৃষক সর্বোপরি মানুষের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। নিঃস্বার্থ এই মানুষটির জন্ম না হলে কৃষকদের কৃষিবান্ধব ক্লাব ও নিরাপদ খাদ্য আন্দোলনের স্বপ্ন অধরাই রয়ে যেত।
কৃষকনেতা আইয়ুব হোসেনের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। মাগুরার শালিখা উপজেলার কাতলী হাইস্কুল মাঠে গত শুক্রবার বিকেলে ওই স্মরণসভার আয়োজন করা হয়। কাতলী কৃষি ক্লাব ওই সভার আয়োজন করে।
ক্লাবের সভাপতি কৃষক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) গুল হোসেন। স্মৃতিচারণা করেন কৃষক সংগঠক ঝিনাইদহের কালীগঞ্জ মহেশ্বরচাঁদার হেলাল উদ্দিন, মহেশ্বরচাঁদার কার্ড মহিলা সমিতির প্রতিষ্ঠাতা মর্জিনা বেগম, যশোর বাঘারপাড়ার গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র মণ্ডল, যশোরের কৃষকনেতা শরিফুল ইসলাম, এনায়েতপুরের মশিয়ার রহমান, কাতলীর কৃষকনেতা নুরুল বিশ্বাস, কৃষকনেতা সুনীল বিশ্বাস, প্রথম আলোর প্রতিনিধি কবির হোসেন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, কৃষকনেতা আইয়ুব হোসেন ১৯৪২ সালে যশোরের বাঘারপাড়া উপজেলার কঠুরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গত ১৬ জানুয়ারি সকাল আটটার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছেলেবেলা থেকে তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। পরে প্রযুক্তিনির্ভর কৃষি আন্দোলনের মাধ্যমে কৃষকদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন। সারা দেশে বিষমুক্ত সবজি উৎপাদন, কৃষিবান্ধব কৃষি ক্লাব গঠন ও নিরাপদ খাদ্য আন্দোলনের পুরোধা ব্যক্তি তিনি। দক্ষিণবঙ্গের জেলাগুলোয় মোট ৬৪টি কৃষি ক্লাব গড়ে তোলেন তিনি। নিজের গ্রামের পাশে গাইদঘাটে গড়ে তোলেন কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র। যেখান থেকে সারা দেশে বিষমুক্ত সবজি উৎপাদনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর আন্দোলন পরিচালনা করতেন।
গুল হোসেন বলেন, এমন সোনার মানুষ সত্যি বিরল। যিনি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করেছেন। কৃষকদের সঙ্গে কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ ও প্রযুক্তির পরিচয় ঘটিয়েছেন।