মানুষের কল্যাণে নিজেকে প্রস্তুত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘জগৎ অনেক বড়, যত জ্ঞান আহরণ করবে, ততই তোমাদের জগৎ বিস্তৃত হবে। সবার সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখতে পারলে তোমরা সফল মানুষ হবে। তোমাদের শিক্ষা গ্রহণ সার্থক হবে। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মানুষের কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’
গতকাল শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়ায় বেলায়েত হোসেন উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ্ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাঈদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।