মানুষের কল্যাণে প্রবাসী বন্ধু
চলতি বছরের ২৩ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল ‘পানির কষ্টে ২০ হাজার শিক্ষার্থী’। সুদূর জার্মানিতে সংবাদটি অনলাইনে পড়েন প্রবাসী এক বাংলাদেশি। শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করার ভাবনা থেকেই প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেন। অন্তত একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করার ব্যবস্থা করবেন বলে কথা দেন তিনি।
গত ২৩ আগস্ট বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য তিনি ১০ হাজার লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংক দিয়েছেন। এই প্রবাসী বাংলাদেশির নাম সৈয়দ শাকিল। ১৯৮৫ সালে তিনি জার্মানিতে পাড়ি জমান। থাকেন নুরেমবার্গ শহরে। জার্মান সরকারের পর্যটন মন্ত্রণালয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তাঁর মা সৈয়দা জয়গুন নেসার নেশা ছিল এলাকার অসহায় মেয়েদের পড়াশোনা, বিয়ে, চিকিৎসার ব্যবস্থা করা। ২০০৩ সালে মায়ের মৃত্যুর পর শাকিলকেও এই নেশা পেয়ে বসল।
২০০৩ সালে বিদেশি বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন ‘আশা—হোপ ফর বাংলাদেশ ফাউন্ডেশন’। এরপর এই সংস্থার পক্ষ থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষার বিস্তার আর দরিদ্র নারীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে উঠেপড়ে লাগলেন। তিনি এই ফাউন্ডেশনের সভাপতি। নিজের বাড়ি পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায়। বন্ধুর দেওয়া জায়গায় ২০০৬ সালে মায়ের নামে রাজশাহীর বাঘা উপজেলার আরানি ইউনিয়নের চরসিংগা গ্রামের চরের দরিদ্র শিশুদের শিক্ষার জন্য গড়ে তোলেন জয়গুন নেসা প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলার ঝিনা গ্রামে ২০০৮ সালে প্রতিষ্ঠা করলেন ঝিনা প্রাথমিক বিদ্যালয়।
২০০৯ সালে ফাউন্ডেশনের পক্ষ থেকে অদম্য মেধাবীদের শিক্ষা বৃত্তি দেওয়া শুরু করলেন। বর্তমানে ১৯ জন শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভাষাসৈনিক আবুল বরকতের নামে গড়ে তোলা আবুল বরকত আনন্দলোক প্রাথমিক বিদ্যালয়ের জন্য জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় ফাউন্ডেশনের মাধ্যমে ২০১২ সালে একটি পাকা ভবন নির্মাণ করে দেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্ধ হয়ে যাওয়া আদিবাসীদের ছয়টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় একই বছর নিজ উদ্যোগে অনুদান ও পৃষ্ঠপোষকতা দিয়ে চালু করেন।
২০১৪ সালে ঝড়ে পাবনার সুজানগরের চর মানিকদি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়। তিনি ব্যক্তিগত উদ্যোগে ৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে দুটি শৌচাগার, একটি নলকূপসহ তিন কক্ষবিশিষ্ট একটি আধা পাকা ভবন নির্মাণ করে দেন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল গ্রামে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিপুরাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
শিক্ষা বিস্তারের পাশাপাশি গ্রামের দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য তিনি গাইবান্ধা, কুড়িগ্রাম সদর, চিলমারী, খুলনাসহ বেশ কয়েকটি জায়গায় সেলাইকেন্দ্র চালু করেছেন।
শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে এখানকার টিউবওয়েলগুলোতেও লবণপানি ওঠে। বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষ বৃষ্টির পানি ট্যাংকে ধরে রাখে। সারা বছর সেই পানি পান করে। কিন্তু মোংলা উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই পানির ট্যাংক নেই। এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর শাকিল ভাই আমাদের পানির কষ্ট দূর করার জন্য একটি বড় ট্যাংক দিয়েছেন। আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।’
সৈয়দ শাকিল বলেন, ‘আমরা সারা বিশ্বে ৭০ লাখ প্রবাসী বাংলাদেশি আছি। আমরা প্রত্যেকে যদি একজন মানুষের দায়িত্ব নিই, তাহলে দেশের ৭০ লাখ মানুষের পাশে দাঁড়াতে পারব।’