
ব্রাজিল থেকে আমদানি করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৭২ ঘণ্টার মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়টি আদালতকে জানাতে হবে।
একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
শুনানি শেষে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আদালত তা ৭২ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছেন। ৫ জুলাই বিষয়টি আবার আদালতের কার্যতালিকায় আসবে।
তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, সরকারি গবেষণাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) আমদানি করা গম পরীক্ষা করেছে সরকার। কোনো গবেষণাগারের প্রতিবেদনে বলা হয়নি যে এ গম খাওয়ার অনুপযুক্ত। এসব গবেষণাগারের পরীক্ষার ফল আদালতে জমা দেওয়া হবে।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত সোমবার জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী পাভেল মিয়া। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এ আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই গম মানুষের খাবার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়।
আরও পড়ুন