মানুষের গড় সঞ্চয় ২৫ হাজার টাকার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরে হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মানুষের মাথাপিছু গড় সঞ্চয়ের পরিমাণ ২৫ হাজার ৮৪৩ টাকা।

আজ বৃহস্পতিবার সংসদে সরকার দলের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

সরকারি দলের আরেক সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধনঘাটতি রয়েছে। গত ৩১ মার্চের হিসাব অনুযায়ী সোনালী ব্যাংকের ২ হাজার ৮৫০ কোটি, রূপালী ব্যাংকের ৪৪৪ কোটি ও বেসিক ব্যাংকের ২ হাজার ২৩৬ কোটি মূলধনঘাটতি রয়েছে।


রিজার্ভ ২৮ হাজার ৮৬২ দশমিক ৩২ মিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কিত সরকারি দলের এক সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি–জামায়াত সরকারের সর্বশেষ সময় থেকে বর্তমান সরকার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির হার ৭২৮ দশমিক ৭০ শতাংশ।

মন্ত্রী জানান, বিএনপি–জামায়াত ক্ষমতা গ্রহণের সময় ২০০১ সালের ১ অক্টোবর রিজার্ভের স্থিতি ছিল ১ হাজার ১৫৩ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তারা ক্ষমতা ছাড়ার সময় ২৭ অক্টোবর ২০০৬ তারিখে রিজার্ভ ছিল ৩ তিন হাজার ৪৮২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর চলতি মাসের ১ তারিখে রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৬২ দশমিক ৩২ মিলিয়ন ডলার।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মুহিত বলেন, পানামা পেপারসে প্রকাশিত খবরের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার আলোকে তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

এই সাংসদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মন্ত্রী জানান, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি দেশি–বিদেশি যে–ই হোক না কেন, সম্ভাব্য সব আইনের আওতায় তাকে আনা হবে মর্মে সরকার বদ্ধপরিকর।


৭ হাজার ৬৭৬ জন বিদেশি নাগরিক আয়কর দিয়েছেন

সরকারি দলের সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ‍মুহিত বলেন, রাজস্ব বোর্ডের তথ্যমতে, বর্তমানে প্রায় ১০ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন। তাঁদের মধ্যে জাতিসংঘ, বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় বিশেষ সুবিধাভোগী ব্যক্তি (কর অব্যাহতিপ্রাপ্ত) ব্যতীত মোট ৮ হাজার ১১৪টি আয়কর নথি চালু আছে। চলতি অর্থবছরে ৭ হাজার ৬৭৬ জন বিদেশি নাগরিক ২৮৪ কোটি ৮২ লাখ টাকা ‍আয়কর পরিশোধ করেছেন।

কোনো বিদেশি আয়কর গোপন করছেন কি না, সেই বিষয়ে উচ্চক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রী জানান।

জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে নিবন্ধিত ১৯ লাখ ৬৩ হাজার ৩৩১ জন করদাতার মধ্যে নারী করদাতার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৮৩১ জন।


অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখের বেশি

সাংসদ মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানসমূহের অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ১৩টি। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা।

মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, অডিট আপত্তি থাকা সরকারের ৫৫টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি ১৬ লাখ টাকার অডিট আপত্তি রয়েছে। অপর দিকে সংখ্যার দিক থেকে স্থানীয় সরকার বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ৮৬০টি অডিট অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ হচ্ছে ৫৬ হাজার ২৯২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।