মানুষের ঘুম ভাঙে গরু ও মুরগির ডাকে আর দুর্গন্ধে
নাম পশ্চিম খুলশী আবাসিক এলাকা। এখানে মানুষের পাশাপাশি গরু, ছাগল ও মুরগির আবাসনব্যবস্থাও রয়েছে। এলাকার প্রায় দুই হাজার বাসিন্দার ঘুম ভাঙে ছয়টি খামারের গরু ও মুরগির ডাকে আর দুর্গন্ধে। বাসিন্দাদের এত যন্ত্রণায়ও ঘুম ভাঙছে না পরিবেশ অধিদপ্তরের।বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর কেবল খামারিদের উঠে যাওয়ার সতর্কবার্তা দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। টাকার বিনিময়ে খামারিদের আবাসিক এলাকা থেকে উঠে যাওয়ার জন্য বারবার সময় পেছাচ্ছে বলে অধিদপ্তরের বিরুদ্ধে বাসিন্দাদের অভিযোগ। প্রসঙ্গত, এখানকার ছয়টি গবাদি পশু খামারের একটিরও পরিবেশ ছাড়পত্র নেই। এ প্রসঙ্গে বাড়ির মালিক ফিরোজ আলম বলেন, ‘আমি কাদের ডেইরি ফার্মের বিরুদ্ধে অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম। তারা আমাদের সামনে খামারের মালিককে ডেকে গালিগালাজ করে উঠে যেতে বলল। পরে গত দুই জুলাই শুনানির সময় দিল। ওই শুনানির সময়ের আগে আমি উপস্থিত হয়ে জানতে পারি যে শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। খামারিকে ওঠার জন্য আরও চার মাস সময় দেওয়া হয়েছে।’এর আগে গত বছরের ২১ ডিসেম্বর অধিদপ্তর কাদের ডেইরিকে ২০১২ সালের জুনের মধ্যে উঠে যাওয়ার সময় বেঁধে দিয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পশ্চিম খুলশী আবাসিক এলাকায় প্রায় ১০০ প্লট রয়েছে। এর মধ্যে অন্তত ৮৬টি বহুতল বাড়িতে এখন প্রায় ৫০০ পরিবার বসবাস করছে। ২০ বছর আগের এই আবাসিক এলাকার ৩ ও ৪ নম্বর সড়কে ঢুকলেই গোবরের দুর্গন্ধ নাকে আসে।আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি, ৪ নম্বর সড়কে দুটি ও ৫ নম্বর সড়কে তিনটি গরু-ছাগলের খামার রয়েছে। পাশাপাশি রয়েছে একটি মুরগির খামার। প্রতিটি গবাদি পশুর খামারে ১০ থেকে ১৫টি বিদেশি গরু রয়েছে।৪ নম্বর সড়কে ছালেহ আহম্মদের মালিকানাধীন খামারে গরুর পাশাপাশি সাত-আটটি ছাগলও রয়েছে। এর পাশেই রয়েছে আবদুল ওহাবের আরেকটি গবাদি পশুর খামার। মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল হক বলেন, ‘তারা আমাদের বারবার কথা দিয়েও উঠছে না। তাই আমাদের এক সদস্য অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন। বাসিন্দারা গরুর ডাক ও খামারের গন্ধে অতিষ্ঠ।’গতকাল আবদুল কাদেরের খামারে গিয়ে দেখা যায়, গরুগুলো সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। গরুর খামার সরানোর নির্দেশ থাকলেও তা কেন সরানো হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়ির মালিকেরা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেন আর তাতে আমার কিছু টাকা খরচ হয়। আমি কখন উঠব না উঠব, সেটা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আমার ব্যাপার। আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই।’ছালেহ আহম্মদ ও আবদুল ওহাবের খামারে গিয়ে পরিচর্যাকারীদের ছাড়া কাউকে পাওয়া যায়নি।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘আমরা প্রথমে নোটিশ করেছি। পরে তাদের উঠে যাওয়ার সময় দিলাম। এরপর সময় বর্ধিত করা হয়েছে মানবিক দিক বিবেচনা করে। এবার তাদেক উঠে যেতেই হবে। আর বায়োলজিক্যাল দূষণ অত ক্ষতিকর না।’