শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেশের মানুষের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের জনগণের একটি ক্ষুদ্র অংশ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। তাদের ব্যয়ের ৯৫ শতাংশই জনগণ বহন করে। তাই জনগণ আশা করে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন মানুষ তৈরি করবে, যাঁরা নতুন বাংলাদেশ তথা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন এবং জাতির ভাগ্য পরিবর্তন করবেন।’সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট ২০১২’-এর কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই তালিকায় বাংলাদেশকে পঞ্চম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ কাজে প্রকৌশলীদের সবচেয়ে বেশি অবদান রাখতে হবে।’সমাবর্তন বক্তা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রকৌশলীদের শুধু প্রকৌশল বিষয়ে জ্ঞান আহরণ করলে সাম্প্রতিক বিশ্বে সফল হওয়া কঠিন। এ জন্য পাঠ্যক্রম প্রণয়নে কলা ও সমাজবিজ্ঞানকে অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, যেকোনো প্রকল্পের পরিবেশগত ও অর্থনৈতিক দিক সবকিছুই একজন প্রকৌশলীর জানা প্রয়োজন। এ জন্য বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষা কার্যক্রমে এসব বিষয় অধিকতর গুরুত্বসহকারে পড়ানো হয়।উপাচার্য মো. জাহাঙ্গীর আলম জানান, এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের অধীনে এক হাজার ৭০৮ জনকে স্নাতক এবং ১০ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।