মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। চাই উন্নততর পৃথিবী গড়ার অনুপ্রেরণা। আর পরিবর্তনের জন্য প্রয়োজন সহযোগিতার সম্পর্ক স্থাপন। এ তিনটি মূলমন্ত্র মানবসভ্যতার সম্ভাবনাকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।বাংলাদেশ সফররত নাসার নভোচারী রোনাল্ড জে গারান গতকাল বৃহস্পতিবার তৃতীয় সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবেশের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের মধ্যবর্তী সময়ে দেওয়া নিজের উপস্থাপনায় এ দর্শন তুলে ধরেন নাসার এই নভোচারী। এ পর্বে রন গারানের সঙ্গে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত সেপ্টেম্বরে মহাকাশে সর্বশেষ অভিযানের পর মর্তে ফিরেছেন নাসার এ নভোচারী। সাড়ে পাঁচ মাসের এ অভিযাত্রায় তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁরই রচিত বই ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথআউট পভার্টি। এরপর গত বছরের নভেম্বরে ভিয়েনায় তাঁদের দুজনের প্রথম দেখা হয়। মধ্যাহ্নবিরতির পর অনুষ্ঠিত বিশেষ এ অধিবেশনে ‘দি অরবিটাল পারসপেকটিভ’ নামে ৪০ মিনিটের উপস্থাপনা তুলে ধরেন রন গারান। এতে মহাকাশ অভিযানের অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে উন্নততর বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলতে নিজের মতাদর্শ তুলে ধরেন। রনের উপস্থাপনার মধ্যে ছিল দুটি মিউজিক ভিডিও, নভোযান থেকে নেওয়া ভিডিও এবং ছবি, যাতে ছিল বাংলাদেশের দুটি ছবি ও তাঁর সাম্প্রতিক প্রয়াস ‘ইউনিটি নড’ সম্পর্কে তথ্যচিত্র। কেমন পৃথিবী আমরা চাই? (হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড ডু উই ওয়ান্ট?) এ মিউজিক ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপনা শুরু করেন। এর ফাঁকে ফাঁকে বক্তৃতা করেন রন গারান। তিনি বলেন, পৃথিবীর সমস্যার পাশাপাশি রয়েছে অপার সম্ভাবনা। সেই সঙ্গে রয়েছে প্রযুক্তিকে কাজে লাগানোর সামর্থ্য। তার পরও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদার না হওয়ায় এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।পরে রন গারান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের হাতে মহাকাশের একটি স্মারক তুলে দেন। সেই সঙ্গে বাংলাদেশের পতাকাসংবলিত একটি স্মারক ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্যদেরও তিনি উপহার দেন। প্রশ্নোত্তর পর্বে নভোচারী হওয়ার মতো ঝুঁকিপূর্ণ পেশা বেছে নেওয়ার ব্যাখ্যায় রোনাল্ড জে গারান বলেন, কাজটি ঝুঁকিপূর্ণ হলেও এর প্রতিদান অনেক বেশি। এ জন্য আমার পরিবারের সদস্যদের ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে এটা ঠিক, মহাকাশে যেসব গবেষণা হচ্ছে তার সবটাই কাজে লাগছে মানবকল্যাণে। তিনি বলেন, মাত্র সাত বছর বয়সেই সিদ্ধান্ত নেন নভোচারী হবেন। কারণ ১৯৬৯ সালে তিনি টিভির সামনে বসে দেখেছিলেন মর্তের মানুষের চাঁদে পদচারণ।