মানুষের জন্য নয়, তাদের কান্না রয়েল বেঙ্গল টাইগার নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে আইইবির জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে আইইবির জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা

রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আন্দোলনকারীরা কোনো দিনও রামপালের নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করে নাই। এমনকি এটি আদৌ সুন্দরবনের কোনো ক্ষতি করবে কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নয়।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যাঁরা আন্দোলন করছেন মানুষের জন্য তাঁদের কোনো দরদ নেই উল্লেখ করে অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ‘তারা মানুষের ভালো-মন্দ নিয়ে মোটেই চিন্তিত নয়; বরং তাদের যত কান্না সব সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নিয়ে।’
প্রধানমন্ত্রী গতকাল শনিবার দুপুরে প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে সংগঠনটির ৫৭তম জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সরকার যখন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করে, তখন রামপালে যেতে কোনো সড়ক ছিল না অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, লোকজন তখন কেবল নদীপথেই সেখানে যাতায়াত করত। কিন্তু বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ শুরুর পর একের পর এক সেখানে সড়ক ও সেতু গড়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশে আদৌ কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব তুলে ধরে তিনি এ প্রকল্পের পক্ষে তাঁর যুক্তি তুলে ধরে বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে রামপালে, সুন্দরবনে নয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পটি সুন্দরবনের বহিঃসীমার ১৪ কিলোমিটার ও সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ অঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়া এলাকা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। কাজেই এই প্রকল্প দিয়ে সুন্দরবনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়েই একটি গোষ্ঠী রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাজধানীতে বসে কথা তুলছে এবং বিশ্বব্যাপী এই প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘তারা রাজধানীতে বসেই প্রচার চালিয়ে যাচ্ছে।...যদিও এদের মধ্যে অনেকেই কোনো দিনও রামপালে যায়নি।’
সম্প্রতি সুন্দরবনের কাছে এক হাজার মেট্রিক টন কয়লাবোঝাই একটি বার্জ ডুবে যাওয়া প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘সে সময় পরিবেশবিদেরা কী করেছেন? তাঁরা কি কোনো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, এতে কী ক্ষতি হতে পারে?’ প্রধানমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, ‘তাঁদের কি সেই সময় সুন্দরবনে গিয়ে বিষয়টি দেখার প্রয়োজন ছিল না?’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাভার্ড বার্জে করেই গভীর সমুদ্র থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিবহন করতে হবে। স্বল্প শব্দ তৈরি করে এমন ইঞ্জিন বার্জে ব্যবহার করা হবে এবং দূষণ প্রতিরোধের সব রকমের ব্যবস্থা থাকবে। কাজেই পরিবেশ দূষণের কোনো সম্ভাবনাই থাকবে না।’
শেখ হাসিনা বলেন, ‘সুতরাং রামপালের যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের আগে রামপালে গিয়ে সুন্দরবনের সঙ্গে এর দূরত্বটা দেখতে হবে।...তাঁরা যদি মার্চ করে রামপালে যান, তাহলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের সঙ্গে এর দূরত্বটা অনুধাবন করতে পারবেন।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেশাগত ক্ষেত্রে মেধার স্বাক্ষরের স্বীকৃতিস্বরূপ প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং প্রকৌশলী মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদকে আইইবি স্বর্ণপদকে ভূষিত করেন। এ ছাড়া সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন সম্পন্নকারী ৮৩ জন শিক্ষার্থীর মাঝে সনদও বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী অনুষ্ঠান থেকে ডিজিটাল পদ্ধতিতে ময়মনসিংহ, বগুড়া, রংপুর, আশুগঞ্জ এবং ঢাকার পূর্বাচলে আইইবি ভবন নির্মাণের নামফলক উন্মোচন করেন। তিনি এ সময় রাঙ্গাদিয়া সেন্টার নির্মাণেরও ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।