মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী

সব অর্জন ও পুরস্কার দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলার মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত আছেন।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীর জন্য এই সংবর্ধনার আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যে অর্জন বা যে পুরস্কার, যা কিছু পাচ্ছি সবকিছু উৎসর্গ করে দিচ্ছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষই একমাত্র এর দাবিদার।’ তিনি বলেন, ‘নিঃস্ব আমি, রিক্ত আমি। দেবার কিছু নেই। আছে শুধু ভালোবাসা। দিয়ে গেলাম তাই, বাংলার মানুষের জন্য।’
দেশের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০০০ সালে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) প্রণয়নের সময় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রণয়নের বেলায়ও তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে দেশ ছাড়ার ১৫ দিনের মধ্যে বাবা-মা ও পরিবারের সদস্যদের হারিয়েছি। ’৮১ সালে যখন প্রবল ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে দেশের মাটিতে ফিরে আসি, তখন লাখো মানুষের ভিড়। কিন্তু এর মধ্যে বাবা-মাকে খুঁজে পাইনি। ছুটে আসেনি ছোট্ট রাসেল। স্বজনহারা মন নিয়ে বাংলার মানুষের কাছে ফিরে এসেছি। পেয়েছি ভালোবাসা। আমি সেই দুঃখী মানুষের জীবন উন্নত করার জন্য জীবন উৎসর্গ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুও এ দেশের মেহনতি মানুষকে গভীরভাবে ভালোবেসেছিলেন। বাবার কাছ থেকেই তিনি মানুষকে ভালোবাসতে শিখেছেন। সেই মানুষ ক্ষুধার জ্বালায় মরবে, অন্ন-বস্ত্র পাবে না, সেটা হতে পারে না।
প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকার করে বলেন, ছোট্ট এই দেশে ১৬ কোটি মানুষের বাস। তাদের জীবন পরিবর্তন করতে হলে উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে গেলে পরিবেশের ওপর এর একটা প্রভাব পড়ে। তবে নগরায়ণও করতে হবে। পরিবেশের ভারসাম্যও রক্ষা করতে হবে। সরকার সেই পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে সবুজ রাখতে হবে। জলাধার ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে; পাশাপাশি উন্নয়নও করতে হবে। এ জন্য সরকার গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত দিয়ে আর শেষ হয় প্রধানমন্ত্রীর বক্তৃতার মাধ্যমে। এর আগে সংবর্ধনাস্থল থেকে একটি সাইকেল র্যা লি বের হয়। শিশু-কিশোর ও স্বেচ্ছাসেবীরা তাদের পরিবেশনায় তুলে ধরে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন’, ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’—এসব গানের সঙ্গে মনোজ্ঞ পরিবেশনা আপ্লুত করে প্রধানমন্ত্রীসহ আগত ব্যক্তিদের।
এরপর ঢাকাবাসী ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দুই শিশু সম্মাননা পড়ে শোনায় এবং তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীর হাতে প্রতীকী বৃক্ষ হস্তান্তর করেন।
স্বাগত বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সভাপতিত্ব করেন উত্তরের মেয়র আনিসুল হক। আরও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় দর্শকসারিতে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, সাংসদ এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।