
প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আজীবন মানুষের জন্য রাজনীতি করে গেছেন। মানুষের জন্য রাজনীতি করতেন বলেই তিনি সাধারণ মানুষের বিপদে-আপদে তাঁদের পাশে থাকতেন। তাঁর দেখানো পথে দলকে পরিচালনা করা হলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
মহসিন আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের একাংশের (মহসিন আলীর অনুসারী অংশ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকেলে মহসিন আলীর বাসভবন প্রাঙ্গণে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সদস্য এম এ রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, সৈয়দ মহসিন আলীর মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ।
এ উপলক্ষে সকালে হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারসংলগ্ন মহসিন আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাংসদ সৈয়দা সায়রা মহসিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে তাঁর বাসভবনে রক্তদান ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।