মানুষের জন্যই সংবিধান: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমেদ
মওদুদ আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘যে সংবিধান মানুষের আশা মেটাতে পারে না, সে সংবিধানের পবিত্রতা থাকে না।’ তিনি বলেন, ‘মানুষ সংবিধানের জন্য নয়, মানুষের জন্যই সংবিধান।’ আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘ষড়যন্ত্রের রাজনীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ। খবর বাসসের। বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল। তিনি বলেন, তখন বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাধ্য করা হয়েছিল। সাবেক আইনমন্ত্রী আরও বলেন, ১৯৫৭ সালের আইয়ুব সরকারের সংবিধান বাংলাদেশের জনগণের আশার কাছে টিকতে পারেনি। কারণ এরপর ’৭০ সালে নির্বাচন হয়েছিল এবং জনগণের জন্য ওই সংবিধান পরিবর্তন করা হয়েছিল। ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক সাংসদ এম এ মতিন, ইয়ুথ ফোরামের উপদেষ্টা কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।