মানুষের জীবন ও জীবিকা দুটিই রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে, তেমনি জীবিকা রক্ষারও প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, মানুষের জীবন এবং জীবিকা—দুটিই রক্ষাকল্পে সরকার কাজ করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে কোভিড-১৯ রোগ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও অন্যান্য বিষয়ের সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বর্তমানে ১৭ লাখ টন খাদ্য মজুত আছে। ইতিমধ্যে এক লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরও ছয় লাখ টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে, করোনাভাইরাস মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামের মন্ত্রী, সাংসদ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে সার্কিট হাউসে বৈঠক হয়। তথ্যমন্ত্রীর সভাপতিত্বে সমন্বয় সভা সঞ্চালন করেন কোভিড-১৯ মোকাবিলায় চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন।
সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার কয়েক বছর ধরে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল বছরের সাত মাস বিতরণ করে আসছে। এ ধরনের আরও ৫০ লাখ কার্ড করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এক কোটি কার্ডধারী মানে পাঁচ কোটি মানুষ। গোটা বাংলাদেশে সরকারিভাবে দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় আনা হয়েছে। এর বাইরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতাসহ নানা ধরনের ভাতা এবং সরকারের ১৪৪টি কর্মসূচির মাধ্যমে আরও এক কোটি মানুষ সামাজিক সুরক্ষাবলয়ের মধ্যে আছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে, যে কারণে আমাদের দেশে করোনাভাইরাসের পরিস্থিতি আল্লাহর রহমতে এখনো অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছে। তাই বলে সরকার বসে নেই। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।’
তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে আজকের সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে উঠে এসেছে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের চেয়ে অনেক ভালো আছে। এ অবস্থা ধরে রাখতে হবে। ভবিষ্যতে যদি রোগী বাড়ে, তাঁদের চিকিৎসা দেওয়া হবে এবং যাঁরা ভালো আছেন, তাঁদের কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।
ভিআইপিদের চিকিৎসার জন্য সরকার আলাদা ব্যবস্থা করেছে—এ ধরনের সংবাদ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই এবং ছিল না। বিষয়টা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার করেছেন। আমি জানি, দু–একটি অনলাইনে এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। এটি ভালোমতো যাচাই-বাছাই না করে যাঁরা এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তাঁরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া দায়িত্বশীল সাংবাদিকতা নয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা সবাই নিজে নিজে দায়িত্বশীল আচরণ করব এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা যত্নশীল হব।’
নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেওয়া হলেও মধ্যবিত্ত শ্রেণির ব্যাপারে কী ভাবা হচ্ছে—এমন প্রশ্নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে তাদের ঘরে ত্রাণ পৌঁছানো হচ্ছে। হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না। তবে বাংলাদেশের মানুষের সামাজিক বন্ধনটা অনেক বেশি। এই সময়ে বোঝা যাচ্ছে মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। এটা এই সংকটের মধ্যে প্রমাণিত হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। মানুষকে কত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত নেওয়া যায়, সে জন্য প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন।’
সার্কিট হাউসের সমন্বয় সভায় কয়েকজন সাংসদ ত্রাণ বিতরণে সমন্বয়ের ওপর জোর দিয়ে বক্তব্য দেন। টানা ছুটির কারণে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের দুর্ভোগ বেড়েছে। এ জন্য ধীরে ধীরে সবকিছু সচল করা যায় কি না, তার প্রস্তাব আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে চালু করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে করোনাভাইরাস যাতে না ছড়ায়, সেদিকে লক্ষ রাখতে বলা হয়।
সমন্বয় সভায় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, নজিবুল বশর মাইজভাণ্ডারী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা নদভী, ওয়াসিকা আয়েশা খানম, খাদিজাতুল আনোয়ার, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।