
কনকনে শীতকে তুড়ি মেরে সকাল আটটার আগেই ওরা জড়ো হয়েছিল কুষ্টিয়া জিলা স্কুলে। সোয়া নয়টায় সূর্যের আলো যেন উপচে পড়ছিল সেখানে। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খুদে শিক্ষার্থীরা বেলুন ওড়ায়। হাততালি আর হর্ষধ্বনির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ডাচ্-বাংলা-প্রথম আলো গণিত উৎসব, ২০১৭-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বের।
উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। তিনি বলেন, মানুষের জীবনটা গণিতের মতোই। গণিতের মধ্য দিয়েই সব কাজ হয়। মানুষ জীবনটাকে গণিতের মতোই হিসাব করে চালায়। তা না হলে সমস্যায় পড়তে হয়।
উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক দিবাকর।
পুলিশ সুপার বলেন, গণিতের চর্চা ছড়িয়ে পড়ুক সর্বত্র। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক দিবাকর ভালো কাজের সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. এফতে খাইরুল ইসলাম প্রমুখ।
পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পরীক্ষা। এরপর ছিল প্রশ্ন-উত্তর পর্ব। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির উৎসব হলেও সেখানে কুষ্টিয়া শহরের বিশ্ববাংলা পাঠভবনের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ইসলামের প্রশ্ন ছিল গ্রহ থেকে প্লুটোকে কেন বাদ দেওয়া হয়েছে। চমৎকার প্রশ্নের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। শিক্ষার্থীরা নানা ধরনের প্রশ্ন করে মঞ্চে বসা শিক্ষকদের ব্যতিব্যস্ত করে তোলেন। এতে প্রশ্নোত্তর পর্বে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কুষ্টিয়া জিলা স্কুলের গণিতের শিক্ষক রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবীর ও মিজানুর রহমান এবং কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক মঈন উদ্দীন।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের হাতে ভেন্যু স্মারক তুলে দেন জেলা প্রশাসক। উৎসবের সমাপনী পর্বেও তিনি বক্তব্য দেন। এ সময় আরও বক্তৃতা করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক, কুষ্টিয়া প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থাপনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে রুবিকস কিউব প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়—তিনজনকে বাছাই করা হয়। উৎসবে চারটি ক্যাটাগরিতে ৬৫ জন প্রতিযোগী চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়। তাদের সার্টিফিকেট, মেডেল ও ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়।
পঁয়ষট্টির বাছিরন: মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব হোগলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পাস করা ৬৫ বছরের সেই বাছিরন নেছাও গণিত উৎসবে অংশ নিয়েছিলেন। এই ব্যতিক্রমী ঘটনায় উৎসাহিত হয়েছে সবাই।