মানুষের দ্বারে দ্বারে পানি পৌঁছাতে মন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে রাজধানীতে পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রয়োজনে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পানি পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন। রমজান মাসের পবিত্রতা রক্ষা, ভেজালবিরোধী অভিযান পরিচালনা ও নগর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ বৈঠকের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিক সেবা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। জনগণের মৌলিক সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেহ্রি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দু-এক দিনের মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলবেন বলে মন্ত্রী জানান।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।