দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষের দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন সাবেক ও কর্মরত মার্কিন সেনা কর্মকর্তারা। তাঁরা বললেন, বাংলাদেশের মানুষের অতুলনীয় ধৈর্য ও সহ্যক্ষমতা থেকে মার্কিনরাও শিক্ষা নিতে পারে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও ২০০৭ সালের বিধ্বংসী ঝড় সিডরের পর ত্রাণ ও পুনর্বাসনকাজে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা গত বৃহস্পতিবার এক স্মরণ অনুষ্ঠানে এভাবেই তাঁদের অভিমত তুলে ধরেন। মার্কিন সহায়তায় পরিচালিত ওই দুই অভিযানের নাম ছিল অপারেশন ‘সি অ্যাঞ্জেল’। মার্কিন কর্মকর্তারা বলেন, ধৈর্য ও কষ্ট-সহিষ্ণুতার ক্ষমতাই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। এর বলেই ’৯১-এর ঘূর্ণিঝড় ও সিডরের মতো দুর্যোগ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।ঢাকা সেনানিবাসের আর্মি গল্ফ ক্লাবে আয়োজিত এ স্মারক অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা ছিল সশস্ত্র বাহিনী বিভাগ ও মার্কিন দূতাবাস। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ ও মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি স্বাগত বক্তব্য দেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওই দুই দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকাজে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে জানমাল ও পরিবেশগত ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, সাধারণ মানুষের সক্ষমতার কারণেই বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে। দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, মার্কিন সহায়তায় উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ৪০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরপর অপারেশন সি অ্যাঞ্জেলে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও অভিমত তুলে ধরেন। ১৯৯১ সালে অপারেশন সি অ্যাঞ্জেলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হেনরি স্ট্যাকপোল তখনকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টা সেদিন বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল।তখনকার মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশে তখন কেবল গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। ওই সময় এত বড় দুর্যোগ সামাল দিতে সরকারের সঙ্গে এনজিওগুলো হাত বাড়িয়ে দিয়েছিল। ওই অবস্থা কাটিয়ে ওঠা ছিল মানুষের সক্ষমতার বিজয়। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম নূরুদ্দিন খান বলেন, সেদিন দেশের মানুষ এক হয়ে প্রকৃতির সঙ্গে লড়াই করেছিল। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের জনসচেতনতা বাড়ার কথা উল্লেখ করে বলেন, ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিল এক লাখ ৪০ হাজার মানুষ। অথচ অনেক বেশি শক্তিশালী সিডরে মারা গেছে মাত্র তিন হাজার ৪০০ মানুষ। দেশের মানুষ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে। বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ আকাশ থেকে ধ্বংসযজ্ঞ দেখার স্মৃতিচারণা করে বলেন, ‘বিধ্বস্ত এলাকাকে আমার যুদ্ধ বিধ্বস্ত জনপদ বলে মনে হয়েছিল।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং তিন বাহিনীর প্রধান ছাড়াও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, মার্কিন দূতাবাসের পদস্থ কর্মকর্তা এবং মার্কিন মেরিন ফোর্সেস প্যাসিফিক কমান্ডের কমান্ডার লে. জেনারেল ডুয়েন ডি. থিসেনও উপস্থিত ছিলেন।