মানুষের নজিরবিহীন সহনশীলতা

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দেশের সর্বত্র উদ্বেগ তৈরি হলেও সাধারণভাবে নাগরিকদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তাকে সমাজবিজ্ঞানী ও বিশ্লেষকেরা নজিরবিহীন সহনীয়তা বলে অভিহিত করেছেন। দেশের কোথাও মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়নি। বিদ্যুৎ বিপর্যয় নিয়ে নানা ধরনের গুজব তৈরি হলেও তারা তা বিশ্বাস না করে বরং এটিকে একটি বড় ধরনের দুর্ঘটনা হিসেবে দেখেছে।
গত শনিবার বেলা সাড়ে ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সারা দেশে এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে লেগে যায় প্রায় ১৬ ঘণ্টা। এর মধ্যে প্রায় ১০ ঘণ্টা সারা দেশই ছিল বিদ্যুৎহীন। এই সময়ের মধ্যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। বিপর্যয় নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুযোগ নেওয়ারও চেষ্টা করেনি।
বিভিন্ন সময়ে দেখা গেছে, হাসপাতালগুলোয় চিকিৎসা বিঘ্নিত হলে রোগীর স্বজনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। কিন্তু গতকাল এ ধরনের কোনো ঘটনা দেশের কোথাও ঘটেনি। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালগুলোতে ডায়ালাইসিস বন্ধ ছিল, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও সীমিতভাবে হয়েছে। কিছু হাসপাতালে জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্যান্য অস্ত্রোপচার বন্ধ রাখা হয়। রোগীদের ভোগান্তি ছিল সীমাহীন। কিন্তু এত কিছুর পরও রোগীর স্বজনেরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
সাধারণ মানুষের এই সহনশীলতা ও ধৈর্য ধারণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও পেশাদারি মনোভাব নিয়ে মোকাবিলা করার কথাও বলেছেন তিনি।
কয়েক বছর ধরে বিদ্যুৎ, পানি বা গ্যাস সরবরাহের বিপর্যয় দেখা দিলে সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। স্থানীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি ঢাকার ডেমরায় স্থানীয় সাংসদকে ধাওয়া করার মতো নজিরও আছে।
তবে এবার সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়ার জন্য মানুষের মানসিকতার পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নকে কারণ হিসেবে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানী ও বিশ্লেষকেরা। তাঁদের মতে, দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন যাপনে ব্যাপক পরিবর্তন হয়েছে। জাতির বৃহত্তর প্রয়োজনে তারা মাঠে নামার মানসিকতা লালন করলেও বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনাকে তারা সেভাবে দেখতে চায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন প্রথম আলোকে বলেন, এ দেশের মানুষের মানসিকতার একটি পরিবর্তন এসেছে। তারা এখন গুজব নিয়ে কথা বলে, কিন্তু প্রতিক্রিয়া দেখায় না। তরুণদের মধ্যে এই প্রবণতা এখন দেখা যাচ্ছে। তারা সঠিক তথ্য জেনে তারপর সিদ্ধান্ত নেয়। এরা এখন অনেক সচেতন হয়ে বেড়ে উঠছে। এটা একটা ইতিবাচক দিক। তা ছাড়া কারও কাছে শুনে নয়, নিজেরা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার একটি ইতিবাচক পরিবর্তন এ দেশের মানুষের মধ্যে এসেছে। তিনি বলেন, অতীতে নানা দুর্যোগ এ দেশের মানুষ পার করেছে। গবেষণাগুলোতে দেখা গেছে, মানুষ প্রতিক্রিয়া জানানোর চেয়ে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখন বেশি চেষ্টা করে। মানুষ প্রয়োজনটাকে গুরুত্ব দেয়।
রাজধানীর দিলু রোডের একটি লন্ড্রির মালিক সোলায়মান হোসেনের ক্ষুব্ধ হওয়াটা ছিল স্বাভাবিক। সারা দিন কাজ বন্ধ। আলাপকালে তিনি বললেন, ‘রাগ হইছিল, মনে হইছিল বিদ্যুৎ অফিসে ঢিল মারি। কিন্তু পরে মনে হলো, বিপদ তো সবারই হতি পারে। সরকার একটা বিপদে পড়িছে।’ তবে রাতের মধ্যেই বিদ্যুৎ আসায় খুশির কথাই বললেন তিনি।
কারওয়ান বাজারে ডাব বিক্রি করেন ইলিয়াস মিয়া। বিদ্যুৎ বিপর্যয়ের কথা জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করলেন, ‘কালকে কি কোথাও ঝড় হইছিল?’ বললাম, না হয়নি। উত্তরে বললেন, ‘একবার ঝড়ের পর বিদ্যুৎ ছিল না। ভাবছিলাম এবারও তাই হইছে।’ মেজাজ খারাপ হয়নি—এই প্রশ্নের উত্তরে ইয়াসিন বললেন, ‘হইছিল, কিন্তু ভাবলাম, দুর্যোগ তো হতিই পারে।’
দীর্ঘ সময়ে বিদ্যুৎ না থাকার অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছেলেমেয়েদের সেভাবে হয় না। একটু বেশি সময় বা ঘন ঘন লোডশেডিং হলে ক্যাম্পাসে মিছিল করে তারা। কিন্তু এবার সে ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান, ফজলে রাব্বি, তৌহিদুল হাসান বললেন, এটাকে দুর্যোগ বলা যায়। দুর্যোগের জন্য কাউকে দায়ী করা যায় না। তা ছাড়া এ ধরনের ঘটনা তো আর রোজ রোজ ঘটছে না।
ব্যাংক কর্মকর্তা জসিমউদ্দিন আহমেদ বললেন, ‘২০০৭ সালে সিডরের পর এ ধরনের ঘটনা ঘটেছিল। তবে এবারের ঘটনা কেন সে সম্পর্কে কিছু জানা ছিল না। বিষয়টি দুর্যোগ মনে করেছি। এ নিয়ে নানা ধরনের কথা শুনতে পেলেও গুরুত্ব দেওয়ার মতো মনে হয়নি।’
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান প্রথম আলোকে বলেন, এটাকে মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক দুভাবেই ব্যাখ্যা করা যায়। প্রতিক্রিয়া দেখানোর পেছনে মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ কাজ করে। ৫ জানুয়ারির নির্বাচনের কারণে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, তবে কিছু কারণে সরকারকে নিয়ে স্বস্তিও আছে। মানুষের অর্থনৈতিক উন্নয়ন একটি গতিতে চলছে। এখন আর মানুষ কথায় কথায় বিরোধিতা করে না। একটি মানসিক পরিবর্তন তাদের হয়েছে।