মানুষের নিষ্ঠুরতায় ঘরহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুড়ে কয়লা হয়ে গেছে খাট, আগুনের তাপে কুঁকড়ে গেছে চালার টিন, শুধু দাঁড়িয়ে আছে মাটির তৈরি একটি মটকা। এক দিন আগেও এটিই ছিল জাহানারা বেগমের শয়নকক্ষ।
জাহানারা বলেন, ‘আগুন ধরায়ে দে’ বলার সঙ্গে সঙ্গে চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। গত বৃহস্পতিবার বিকেলে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জাহানারা জানান, চারজন লোক তাঁর বাড়ির দিকে আগুন দিতে ছুটে আসছিল। তাদের চারজনের হাতেই পেট্রলের বোতল ও দেশলাই ছিল। এ সময় তিনি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের আসতে দেখে তিনি বাড়ির মালামাল বের করার জন্য দৌড়ে ভেতরে গিয়েছিলেন। কিন্তু তিন দিকে আগুন ধরিয়ে দেওয়ার কারণে তাঁকে খালি হাতেই আবার দৌড়ে বেরিয়ে আসতে হয়। জাহানারা বলেন, থাকতে না দিলে আদালতের উচ্ছেদের নোটিশ দিলেই তাঁরা চলে যেতেন। এখন তাঁরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।
একইভাবে আরও ১৮টি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারাও পদ্মার ভাঙনে গৃহহীন হয়ে ১৫ দিন আগে গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে পতিত জমিতে বাড়ি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সাতটি ট্রাকে করে কয়েক শ লোক এসে বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
গতকাল শুক্রবার সকালে কাদিপুর গ্রামে গিয়ে শুধু জাহানারার পরিবারের লোকজনকে পাওয়া গেল। অন্য পরিবারের সদস্যরা রাতেই এলাকা ছেড়ে আবার গোদাগাড়ীর চর আষাঢ়িয়াদহে চলে গেছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যে জমিতে ভূমিহীনেরা বাড়ি করেছিলেন, সেই জমির পরিমাণ প্রায় ১৬ বিঘা। দীর্ঘদিন ধরে ওই জমি পতিত রয়েছে। জমির মূল মালিক ছিলেন গোবিন্দ ঘোষ নামের এক ব্যক্তি। ষাটের দশকে মৃত্যু হলে তাঁর ছেলেরা জায়গা-জমি ফেলে ভারতে চলে যান।
জাহানারার শ্বশুর মনিরুল ইসলাম বলেন, এটা সংখ্যালঘুদের জমি। নয় বছর আগে তৈবুর চেয়ারম্যান নাকি বিনিময়সূত্রে এই জামির মালিক হন।
ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিহীনেরা বলেছিলেন, খাসজমি বলে এসব জমিতে ঘরবাড়ি নির্মাণ করিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বদিউজ্জামান। এ জন্য তাঁরা সবাই কিছু টাকাও দিয়েছেন।
কিন্তু বসতবাড়ি নির্মাণের পর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম জমিগুলো তাঁর কেনা সম্পত্তি বলে দাবি করেন। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করে বৃহস্পতিবার থেকেই বদিউজ্জামানের ফোন বন্ধ পাওয়া গেছে। রবিউল আলমও গতকাল ফোন ধরেননি।
জানতে চাইলে তৈবুর চেয়ারম্যানের ছেলে শাহীন আলম দাবি করেন, ওই ১৯টি পরিবার অবৈধভাবে জমি দখল করে বসতি নির্মাণ করেছিল। প্রায় সাড়ে আট বিঘার ওই সম্পত্তি বছর খানেক আগে রবিউল আলমের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।