মানুষের পাশাপাশি দুর্গত গবাদিপশু
মানুষের পাশাপাশি সাপও এখন ফরিদপুরের চরাঞ্চলের দুর্গতদের মধ্যে। বন্যার পানি উদ্বাস্তু করেছে এই সরীসৃপদেরও। উঁচু রাস্তা কিংবা গৃহস্থ ভিটায় উঠে আসায় মানুষের হাতে মারাও পড়ছে। দুর্গম ও বিস্তীর্ণ এই চরাঞ্চলের গবাদিপশু, মানুষের বাহন ঘোড়াগুলোও এখন দুর্গতদের কাতারে।
স্থানীয় সূত্র বলেছে, প্রায় ১৫ বর্গকিলোমিটারের এই চরাঞ্চলের সুনির্দিষ্ট কোনো নাম নেই। তবে যে পৃথক চরগুলো নিয়ে এই পুরো চরাঞ্চল গড়ে উঠেছে, সেগুলোর আলাদা নাম আছে। তেমনি ছয়টি চর নিয়ে আট বর্গকিলোমিটারজুড়ে গড়ে উঠেছে নর্থ চ্যানেল ইউনিয়ন। চরগুলো হলো মনসুরাবাদ, কবীরপুর, সালাম খাঁ ডাঙ্গি, ফাখেরহাট, ভগবানের চর ও বিয়াল্লিশ দাগ। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রতিবেদক এসব চরে গিয়ে বন্যার্তদের দুর্দশা দেখেন।
মনসুরাবাদ চরে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমরা কাজ করি’র ব্যবস্থাপক ইউসুফ আলী বললেন, গত বুধবার তাঁদের দপ্তরেই মারা হয়েছে দুটি বড় সাপ। বিভিন্ন প্রজাতির সাপ রাস্তার ওপর উঠে আসার খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে সাপুড়েরা চরগুলোতে আসছেন। তিনি বলেন, সাপুড়েরা কাজ পেলেও চরাঞ্চলের কৃষকেরা বসে আছেন হাত গুটিয়ে।
কবীরপুরের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব মিয়ার কণ্ঠে হতাশা। বললেন, ‘চরের লোকেরা কারও কাছে হাত পাতবে না। পারলে মাছ ধরব। না পারলে লুকায়া ধার করব। ডাঙর ছেলে থাকলে গোপনে আশপাশের ঘাটে দিনমজুরি করতে পাঠাইব।’
খাদ্যাভাবে মানুষ, গরু ও ঘোড়া: কবীরপুর ইউনিয়ন পরিষদের তরুণ সদস্য মোস্তফা হোসেন বললেন, ‘মানুষ, গরু ও ঘোড়া—সবারই এখন খাদ্যাভাব। যাদের ঘরে আগের বছরের ধান আছিল, তারা না হয় খাইব, কিন্তু গরু-ঘোড়ার ঘাস তো নাই? জমি তো সবই এখনো পানির নিচে!’
গরু হাল চাষে লাগে, কোরবানির জন্য প্রতিপালনও করা হয়। আর ঘোড়ার গাড়ি হলো শুকনা মৌসুমের প্রধান বাহন। নৌকায় ঘুরে দেখা গেল, আবাদি প্রায় সব ফসল এবং শতভাগ চারণভূমি জলমগ্ন।
‘ধান পইচা সার হোক, কাটব না’: সালাম খাঁ ডাঙ্গির কৃষক শেখ লুৎফর বললেন, ‘ধান পইচা খেতের সার হোক, কাটব না।’ গতকাল সকালে দেখা যায়, পানি নামা শুরু করেছে। পানির উচ্চতা আর ধানগাছের উচ্চতা প্রায় সমান। প্রায় সব খেতেই ধানের শিষের ওপর বন্যায় বয়ে আনা কালো পলির স্তর। ‘ধানে ফুল আইলে সেইহানে পানি লাগলে হয়? ওই ধান খাওয়ার যোগ্য না’—বলছিলেন মধ্যবয়সী এই কৃষক। তারপরও কেউ কেউ আধপচা ধান কেটে নিচ্ছেন যদি কিছু ধান বাঁচানো যায়, না হলে গবাদিপশুর খাবার হবে—এই আশায়।
ফাখের হাটের হোসেন মৃধা পাট কেটে অল্প পানিতে জাগ দিয়ে রেখেছিলেন। বানের তোড়ে সব ভেসে গেছে। পরের ফসল উঠতে আরও তিন-চার মাস। কবীরপুরের বৃদ্ধ কৃষক হোসেন মৃধা ধান কাটতে যান না। বাজারের দোকানে চুপচাপ বসে থাকেন। আক্ষেপ নিয়ে বললেন, ‘পানিডা আর ১৫ দিন পরে আইলেই আমরা বাঁইচ্যা যাইতাম।’
যাঁরা খেতের পাট পেয়েছেন তাঁরাও হতাশ। পাটের আঁশ উজ্জ্বল হয় পরিষ্কার পানিতে। ঘোলা পানিতে মজানো পাটের দাম পাওয়া যায় না—বললেন কৃষক খবির মোল্লা (৬৫)। পদ্মার ঘোলা পানির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘গাঙের থন রাতে আইয়া সব শ্যাষ।’
ভাদ্র মাসেই ওঠে চরের প্রধান ফসল ধান, পাট আর বাদাম। বাদাম কিছু আগে তোলা হলেও প্রায় কারোরই ধান ও পাট বাঁচানো যায়নি।
বেকার বসে থাকার দিন: চরের নাম বিয়াল্লিশ শ আটত্রিশ দাগ। মোহন মিয়ার পুরান হাটে আফজাল ব্যাপারীর দোকানের বেঞ্চে বসে ছিলেন জনা দশেক কৃষক। তাঁদের একজন হায়দার পত্তনদার চার বিঘা জমিতে আউশ ধান রোপণ করেছিলেন। দুই বিঘা নিজের, দুই বিঘা বর্গা নেওয়া। পুরোটাই বন্যায় তলিয়ে গেছে। চাষের খরচ ধান দিয়ে শোধ করবেন ভেবেছিলেন, কিন্তু এখন কী করবেন জানেন না।
আবদুর রাজ্জাক মুন্সীর গেছে পাঁচ বিঘা জমির ধান আর তিন বিঘা জমির পাট। তাঁর হিসাবে ক্ষতি ৫০ হাজার টাকা। তিনি বললেন, ‘এই বছর দুইবার মার খাইলাম। হাইব্রিড হুইনা ইরি করছিলাম আগেরবার। ৫০ মণের জায়গায় পাইলাম ২৪ মণ।’ এদিকে আফজাল ব্যাপারী দোকান খুলে রাখেন, কিন্তু ‘বেচাকিনা নাই’।
কারও হাতে টাকা নেই। নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি সদস্য মোস্তফা হোসেন বললেন, ‘চরে আমাদের কৃষিকাজ ছাড়া অন্য কিছু করার কায়দা নেই। তারপরও বর্ষাকালে বাড়িতে পুরুষ মানুষ থাকতে হয়। চুরি-ডাকাতির ভয়, গরু-ছাগল খাওয়ানোর চিন্তা থাকে।’ তিনি বলেন, চরে এখন ধান-বাদাম ও সবজি চাষের বীজ দরকার। কৃষকদের বিনা সুদে ঋণ দরকার। না হলে পরের ফসল উঠলে তা দিয়ে ধার-দেনা শোধ করতে হবে। তাঁর ভাষায়, ‘দেনা না হয় শোধ হইল, কিন্তু তারপর হাতে তো কিছু থাকা লাগব! বাকি দিন চলব কী নিয়া?’