মানুষের পাশে থাকার দৃপ্ত শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গত শুক্রবার প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ উপলক্ষে নিজেদের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: ঢাকা বন্ধুসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ কমপ্লেক্সের আশপাশের অংশ পরিষ্কার করা হয়। পরে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন উপস্থিত বন্ধুদের দেশ গড়ার শপথবাক্য পাঠ করান।গাইবান্ধা: সকালে শহরের ডিবি রোডে বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে কেক কাটার পর বন্ধুসভার সদস্যরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সড়ক সংস্কারের কাজ করেন বন্ধুসভার সদস্যরা। পরে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।হবিগঞ্জ: ধূমপান প্রতিরোধে সচেতনতা তৈরি ও জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে সকালে শহরের সাইফুর রহমান পৌর মিলনায়তনের সামনে বন্ধুসভার সদস্যরা এক পথসভার আয়োজন করেন।জামালপুর: সকালে জামালপুর পাবলিক লাইব্রেরিতে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বন্ধুসভার সদস্যরা মাদক, এসিড সন্ত্রাস ও ইভ টিজিং-বিরোধী সচেতনতামূলক পথনাটক এই সময় মঞ্চস্থ করেন। এরপর বন্ধুসভার সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।জয়পুরহাট: সকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নার্সারি অ্যান্ড উচ্চবিদ্যালয়ে বন্ধুসভার বন্ধুরা কয়েকটি ফলদ বৃক্ষ রোপণ করেন।মাদারীপুর: বেলা তিনটায় অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্যরা কেক কাটেন। পরে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মাদকবিরোধী শপথ করেন নতুন ও পুরোনো বন্ধুরা। এরপর লেকের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগান বন্ধুসভার সদস্যরা।মৌলভীবাজার: মৌলভীবাজার বন্ধুসভা ‘আপনার শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন’ শীর্ষক কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির অংশ হিসেবে শহরের কোর্ট রোডের শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় কোর্ট রোডে ঝাড়ু দেওয়া ছাড়াও মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিফলক এবং শহীদ মিনার এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। পরে শহীদ মিনার এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে।মেহেরপুর: মেহেরপুর বন্ধুসভা বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধে গণসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন গ্রামে গিয়ে ‘উঠান বৈঠক’ কর্মসূচির আয়োজন করেন। সদর উপজেলার চাঁদবিল, খোকসা, বুড়িপোঁতা ও হরিরামপুর গ্রামে ১২টি উঠান বৈঠক করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় ১০০ জন অভিভাবক এবং ১৫০ জন ছেলেমেয়ে হাত তুলে বহুবিবাহ ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকাসহ বাল্যবিবাহ না করার অঙ্গীকার করেন।সিলেট: সকাল সাড়ে ১০টায় নগরের চৌহাট্টা এলাকার নালা-নর্দমা এবং রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সদস্যরা। দুই ঘণ্টাব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে ২৫ জন বন্ধু অংশ নেন।পিরোজপুর: বন্ধুসভার সদস্যরা শহরের সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাসের পুকুরের কচুরিপানা পরিষ্কার করেন। বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে ২০ জন মুক্তিযোদ্ধার মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।পটুয়াখালী: বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে আটটায় সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ আবদুর রাজ্জাক পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। আলোচনা সভার পর এতিম ছেলেদের মাঝে খাবার পরিবেশন ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।শরীয়তপুর: সকাল ১০টায় শরীয়তপুর পৌর বাস টার্মিনালে মাদকবিরোধী প্রচারণা চালান বন্ধুসভার সদস্যরা। পরে মাদকবিরোধী নাটক মঞ্চস্থ করা হয়। মাদকবিরোধী প্রচারণা, পথনাটক শেষে শোভাযাত্রা বের করা হয়।শেরপুর: বন্ধুসভার শেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শেরপুর সরকারি মহিলা কলেজ চত্বরে একটি কাঁঠালের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর। পরে বন্ধুসভার সদস্যরা সরকারি মহিলা কলেজের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।নড়াইল: সকালে জেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীর চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পাদদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে কেক কাটেন শিক্ষাবিদ অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান। পরে কলেজের মাঠে প্রমীলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।চাঁদপুর: চাঁদপুর শহরে রেলওয়ের নোংরা লেক পরিষ্কার করেছেন বন্ধুসভার সদস্যরা। প্রথমে তাঁরা লেকের ওপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর পাদদেশ ও লেকের পাড় ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। পরে লেকের পানিতে ভাসমান ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এরপর লেকের পানিতে চার মণ চুন ছিটানো হয়।রাজবাড়ী: রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা প্রথমে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ঝুড়ি রাখেন। এরপর তাঁরা রাস্তাঘাট থেকে আবর্জনা তুলে এনে এসব ঝুড়িতে রাখেন।এরপর বন্ধুরা সিগারেট মাড়িয়ে ধূমপান থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করেন।সিরাজগঞ্জ: বন্ধুসভার সদস্যরা ভোরে পৌর শহরের সিরাজী ও মুজিব সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার ও ঝাড়ু দেন। পরে সকাল নয়টায় শুরু হয় রক্তদান কর্মসূচি। সকাল ১০টায় শহরের বাজার স্টেশনের স্বাধীনতা চত্বরে এবং সাড়ে ১০টায় সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইভ টিজিং ও মাদকবিরোধী পথনাটক জরি মঞ্চায়ন করা হয়। ‘ইভ টিজিং ও মাদককে না বলুন’ প্রতিপাদ্য সামনে রেখে বন্ধুসভার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেন। দুপুর ১২টার সময় প্রথম আলোর সিরাজগঞ্জ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের পৌর ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা। আলোচনার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার সদস্যরা। পরে বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় বখাটেপনা-বিরোধী নাটিকা বখাটে মঞ্চস্থ হয়।টাঙ্গাইল: বন্ধুসভার উদ্যোগে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ভোট সংগ্রহ করা হয়। শহরের ১২টি স্থানে বন্ধুসভার সদস্যরা ক্যাম্প করে দুটি ল্যাপটপের মাধ্যমে ভোট সংগ্রহ করেন।কালাই: চিকিৎসাশিবির স্থাপন করে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান, নিরক্ষর ভ্যানচালক ও শ্রমজীবী মানুষকে সাক্ষরতা দান কার্যক্রম, কিডনি বিক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনা মূল্যে ওষুধ প্রদান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়িচালকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক সভা, মাদক ও ইভ টিজিং-বিরোধী মানববন্ধন ও সমাবেশ, বৃক্ষরোপণ, রক্তদান, অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে গণসচেতনতামূলক সমাবেশ ও তাদের মাঝে বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করেছে কালাই বন্ধুসভা।কাপ্তাই: বর্জ্য ফেলে নদীর পানি দূষিত না করার জন্য কাপ্তাই বন্ধুসভার উদ্যোগে স্থানীয় নতুন বাজার, বরইছড়ি বাজার, দোভাষী বাজার ও কলাবাগানে জনসচেতনতামূলক প্রচারণা চালায় কাপ্তাই বন্ধুসভা।কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করেছেন কেশবপুর বন্ধুসভার সদস্যরা।কমলগঞ্জ: বন্ধুসভার উদ্যোগে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেহগনিগাছের চারা রোপণ করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লোহাগড়া: নড়াইলের লোহাগড়া বন্ধুসভার উদ্যোগে ৬৮৭ জন হতদরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। লোহাগড়া পৌর এলাকার মাইটকুমড়া আশ্রয়ণ কেন্দ্রে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এর আগে প্রায় দেড় হাজার লোকের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি করা হয়। তাদের স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে হাত ধোয়া শেখানো হয়।রামু: এক দিনের নাশতার খরচ বাঁচিয়ে হাসপাতালের ৫০ জন দুস্থ রোগীর মুখে উন্নত খাবার তুলে দিলেন বন্ধুসভার বন্ধুরা। এলাকাবাসীর ভোগান্তি দূর করতে শ্যাওলা-জলাশয়ে ভরা এমন একটি মজা পুকুরও পরিষ্কার করেছেন তাঁরা। সন্ধ্যায় প্রথম আলোর দীর্ঘ জীবন কামনায় আকাশে ফানুস ওড়ানোর মাধ্যমে দিনের আয়োজন শেষ হয়।টেকনাফ: বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বন্ধুসভার বন্ধুরা ঐতিহাসিক মাথিনের কূপের আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা বন্ধুসভার সদস্যরা সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা বন্ধুসভার বন্ধুরা সামুদাবাদ সড়ক ও হ্যালিপ্যাডের সংযোগ সড়কের দুই পাশে আধা কিলোমিটারজুড়ে ঝাউগাছের চারা রোপণ করেছেন।হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাটহাজারী বন্ধুসভা। বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদের পরে হাটহাজারী বন্ধুসভার উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।হাতিয়া: সকাল নয়টায় স্থানীয় গণ-উন্নয়ন গ্রন্থাগার (সিডিএল) থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রথম আলোর পাঠক, বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা শোভাযাত্রায় অংশ নেন। পরে সিডিএল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শেষে হাতিয়া বন্ধুসভার আয়োজনে চরঈশ্বর ইউনিয়নের পশ্চিম রাজের হাওলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজিম উদ্দিনসহ তিনজন চিকিৎসক বিনা মূল্যে ৬১ জন রোগীকে ব্যবস্থাপত্র দেন।