মানুষের পাশে বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা ইনছার আলী একটি নতুন ঘর পেয়েছেন। বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য আয়োজন করা হয়েছে আনন্দ আড্ডার। পাবনার বেড়ায় ঈদের দিন নতুন জামা পেয়ে আনন্দে মেতেছে দরিদ্র শিশুরা। মানুষের প্রতি এভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: মুক্তিযোদ্ধা ইনছার আলীর পরিবার এবার অন্য রকম ঈদ উদ্যাপন করছে। বাড়িতে সেমাই, পোলাও-মাংসও রান্না হয়েছিল। পরিবার-পরিজন নিয়ে ঘুমানোর মতো তাঁর ভালো ঘর ছিল না। এবার তিনি একটি নতুন ঘরও পেয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার বাসিন্দা ইনছার আলীকে এগুলো করার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বাঘা বন্ধুসভার বন্ধুরা।ইনছার আলী গাছ থেকে পড়ে যাওয়ার পর তিন বছর ধরে কাজ করতে পারছেন না। আগের ছোট্ট ঘরে জায়গা না থাকায় তিনি ২৫ বছর ধরে বারান্দায় একটি চৌকির ওপর ঘুমাতেন। ঈদের এক দিন আগে বন্ধুসভার বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রিদের সঙ্গে খেটে তাঁর বাড়িতে দোচালা একটি টিনের ঘর তৈরি করে দেন। ঘর তৈরির খবর শুনে ছুটে আসেন আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মুক্তার হোসেন। তিনি সব শুনে ইনছার আলীর চালের দোকানের বাকি দুই হাজার টাকা সঙ্গে সঙ্গে বন্ধুসভার সদস্যদের হাতে তুলে দেন। ঈদের আগের দিন বিকেলে বন্ধুরা তাঁদের পাঁচ সদস্যের পরিবারের সবার জন্য নতুন কাপড়, সেমাই, চিনি, পোলাওয়ের চাল ও মসলা কিনে দেন। কোরবানির পর বন্ধুসভার বন্ধুরা তাঁর বাড়িতে মাংস নিয়ে হাজির হন। এসব দেখে ইনছার আলী বলেন, এমন একটি দিন তাঁর পরিবারে আসবে, তিনি স্বপ্নেও কল্পনা করেননি। প্রথম আলোর এ উদ্যোগের জন্য মুক্তিযোদ্ধা সংসদ বাঘা কমান্ডের কমান্ডার আবদুল খালেক ও মুক্তিযোদ্ধা নূরুন্নবী সরকার এক বিজ্ঞপ্তিতে প্রথম আলো ও বাঘা বন্ধুসভাকে অভিনন্দন জানিয়েছেন।বরিশাল: ‘আমাদের চোখে সমস্যা, পৃথিবীর আলো দেখতে পাই না। আমাদের জন্য আনন্দ আড্ডার আয়োজন করায় আপনাদের ধন্যবাদ।’ এভাবেই ঈদ আনন্দ আড্ডায় অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী রত্মা বিশ্বাস তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। ৮ নভেম্বর বেলা ১১টায় প্রথম আলো বরিশাল বন্ধুসভার সদস্যরা নগরের আমতলা মোড়ের বৃদ্ধাশ্রম এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে এই ঈদ আড্ডার আয়োজন করেন।দৃষ্টিপ্রতিবন্ধী সাইদুল ইসলাম দোলনের নেতৃত্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আড্ডা। ‘ধানে ভরা গানে ভরা আমার এ দেশ ভাই’-এর পর তামান্না ও কাজল রেখা পরিবেশ করেন ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা...’, বন্ধুসভার বন্ধু জেসি কাঁকন রায়ের সঙ্গে সবাই গলা মেলান ‘আগুনের পরশ মণি’ গানে। এতে কৌতুক পরিবেশন করেন দোলন। বৃদ্ধাদের স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেন বন্ধুসভার সদস্য চিকিৎসক সুদীপ কুমার নাথ। এতে দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিন, বন্ধুসভার নেজারুল ইসলাম, আপেল মাহমুদ, শাকুর খান নাহিদ, রাশেদ ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।বেড়া (পাবনা): বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লায় দরিদ্র শিশুদের মাঝে নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। নতুন জামাকাপড় পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। পাবনার বেড়া বন্ধুসভার সদস্যরা সোমবার সকালে নতুন এসব কাপড় বিতরণ করেন। ঈদের দিন সকাল আটটার দিকে বেড়া বন্ধুসভার সদস্যরা দরিদ্র শিশুদের একত্র করে তাদের গায়ে নতুন কাপড় পরিয়ে দেন। এ সময় বেড়া বন্ধুসভার সদস্য আবদুর রাজ্জাক, শিখা রাহা, শহীদুল ইসলাম, আবদুল আলিম, পাত্তা শেখ, রাহুল দাস, অপু ও প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুন রায় উপস্থিত ছিলেন। শেখপাড়ার বাসিন্দা ফুলমালা খাতুন বলেন, ‘আমার দুই ছাওয়াল লালচাঁদ (৮) ও নীলচাঁদকে (৬) ঈদের জামা কিন্যা দিব্যার না পারায় ওরা মন খারাপ কইর‌্যা ছিল। কিন্তু পোথম আলোর জামা পায়া ওগরে সাথে আমারও সারা দিন আনন্দে কাটিছে।’