মানুষের বসতিতে বাঘ বাঘের বনে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা বন রেঞ্জের কাইনমারি এলাকার চর শিশিরের ভেতর থেকে রুদ্ধশ্বাসে বের হয়ে চিত্কার করছিলেন ৬০ বছর বয়সী আবুল সর্দার, ‘মাবুদরে বাঘে ধইরেছে। তোমরা কে কোথায় আছ, মাবুদরে বাঁচাও।’ আবুলের ওই ডাক যেন ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী গাবুরা আর বুড়িগোয়ালিনী ইউনিয়নের কয়েক গ্রামে। কিছুক্ষণের মধ্যে ২০-২৫টি নৌকায় করে এসব গ্রামের প্রায় ২০০ লোক চিত্কার করতে করতে ছুটে গেল বনের ভেতর। সবার হাতে লাঠি। তারা সঙ্গে নেওয়া পটকা কিছুক্ষণ পর পর ফোটাচ্ছে। ততক্ষণে বাঘের থাবায় অসহায় মাবুদ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তবে বাঘের পেটে যাওয়ার আগে গ্রামবাসী মাবুদের দেহখানি উদ্ধার করতে পেরেছে।শনিবার ভোর ছয়টায় চারজন সঙ্গীসহ বুড়িগোয়ালিনী গ্রামের মাবুদ স্থানীয় পুলিশ ফাঁড়ির জন্য সুন্দরবনে কাঠ কাটতে গিয়েছিলেন। ওই দিনই দুপুর সোয়া ১২টায় লাশ হয়ে বন থেকে বের হতে হলো তাঁকে।ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর সাতক্ষীরা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়ে যায়। চলতি মাসে শ্যামনগর উপজেলাতেই লোকালয়ে চলে আসায় মানুষের হাতে একটি বাঘের মৃত্যু ঘটেছিল। এবার বাঘের বনে গাছ কাটতে গিয়ে মারা পড়ল মানুষ।বাঘের কবল থেকে ফিরে আসা মাবুদের সঙ্গী আবুল সর্দার জানান, সকাল ১০টার দিকে কাঠ কাটার সময় বাঘের গর্জন শোনার সঙ্গে সঙ্গে তাঁরা চারজন পালাতে পারলেও মাবুদ বাঘের কবলে পড়ে যান। তাঁরা সঙ্গে থাকা লাঠি নিয়ে দূর থেকে বাঘটিকে ধাওয়া করেন, চিত্কার করেও সরাতে পারেননি।মাবুদকে বাঘে ধরেছে—এই সংবাদ পেয়ে বুড়িগোয়ালিনী থেকে নিজে নৌকা চালিয়ে ছুটে আসেন মাবুদের শ্যালিকা আনোয়ারা। বন থেকে লাশ বের করার সময় চিত্কার করে অসহায় আনোয়ারা সুন্দরবনের দিকে তাকিয়ে বাঘের উদ্দেশে অভিশাপ ছুড়ে দেন।উদ্ধার করতে যাওয়া গাবুরা ইউনিয়নের সরা গ্রামের অধিবাসী মজিবর গাজী বলেন, ‘গত শুক্রবার আমাকেও বাঘে ধরেছিল। বাঘটির পেট ছিল চিকন। মনে হচ্ছিল অনেক দিন ধরে খায় না।’ আইলার পর থেকে গাবুরা, শ্যামনগর, বুড়িগোয়ালিনীসহ সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় বাঘ চলে আসছে।পাশে বসে থাকা একই গ্রামের কাশেম গাজী বলে বসেন, ‘আইলার পর আমাদের মতো বাঘও খাবার পায় না। বাঘ খাবারের খোঁজে গ্রামে আসে, আর আমরা বনের ভেতর যাই। তাই বাঘ আর মানুষে দেখা হয়ে যাচ্ছে।’সাতক্ষীরা বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে সাতক্ষীরা জেলায় ১১৬ জন গ্রামবাসী বাঘের হাতে মারা গেছে। আহত হয়েছে ২৭ জন।বেসরকারি সংস্থা লিডার্সের হিসাবে গত ৩০ বছরে শুধু গাবুরা ইউনিয়নে বাঘের আক্রমণে ২৯১ জন মারা গেছে এবং ৩৭ জন আহত হয়েছে। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১৯৫ জনের মৃত্যু ও ৩১ জন আহত হয়েছে।লিডার্সের আরেকটি গবেষণায় দেখা গেছে, ঘূর্ণিঝড় আইলা ও সিডরের পর সুন্দরবনে বনজীবীদের সংখ্যা বেড়ে গেছে। তারা কাঠ কাটতে ও মধু আহরণ করতে বাঘের সীমানা এলাকায় আগের চেয়ে বেশি যাচ্ছে। বাঘের প্রধান খাদ্য হরিণ, কাঁকড়া ও মাছের সংখ্যা আগের চেয়ে কমে গেছে। এ কারণে বাঘ খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসছে।