মানুষের বিরোধে প্রাণ গেল কয়েক শ গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রাণ গেল কয়েক শ ফলদ গাছের। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০০৮ সালের দিকে তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রেহেনা ইয়াসমিন প্রতিবেশী ইয়ার আলীর কাছ থেকে প্রায় এক একর ৫৮ শতাংশ জমি কেনার জন্য দুই লাখ ২৫ হাজার টাকার বায়নানামা করেন। জমির প্রকৃত মূল্য ধরা হয় প্রায় ১০ লাখ টাকা। এরপর বিভিন্ন সময় আরও দেড় লাখ টাকা পরিশোধ করেন ইয়াসমিন। কয়েক বছর পর জমির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এদিকে ওই জমিতে ইয়াসমিন বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগান। রেহানার দেবর বাবু অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার সকালে গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। জমিতে প্রায় ৫০০ কুলগাছ, লিচু ও আমের ৪০০টি চারা রোপণ করা ছিল। এর প্রায় সবই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘জমি নিয়ে আদালতের রায় ইয়ার আলীর পক্ষে আছে বলে শুনেছি।’ এ ব্যাপারে ইয়ার আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।