মানুষের বিরোধে প্রাণ গেল তিন হাজার বাঁশের
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে তিন হাজার বাঁশ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাড়িতে হামলা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।এলাকাবাসী জানান, ৬৪ শতক জমির মালিকানা নিয়ে কিছুদিন ধরে এলাকার নজির হোসেনের সঙ্গে প্রতিবেশী আনোয়ারুল হকের বিরোধ চলে আসছে। এর মধ্যে ১৯ শতক জমিতে ছিল বাঁশঝাড়। গত রোববার আনোয়ারুল হকের লোকজন নজির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ১৯ শতক জমিতে থাকা প্রায় তিন হাজার বাঁশ কেটে বিনষ্ট করে। বাঁশ কাটতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা নজির হোসেন ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) মারধর করে।নজির হোসেন জানান, ওই জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বাঁশগুলো কয়েক বছর আগে তিনি লাগিয়েছিলেন। জমির সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র তাঁর রয়েছে। তিনি অভিযোগ করেন, আনোয়ারুল হক বাঁশঝাড় কেটে জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন।বাঁশ কাটার কথা স্বীকার করে আনোয়ারুল হক দাবি করেন, ‘ক্রয়সূত্রে ওই জমি আমার বাবার। বর্তমান রেকর্ড আমার নামে রয়েছে। তাই বাঁশগুলো আমার লোকজন কেটেছে।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক হোসেন সরকার বলেন, বাঁশ কাটা নিয়ে নজির হোসেন থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।স্থানীয় দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, জমি যারই হোক, বাঁশগুলো নির্বিচারে কেটে বিনষ্ট করা ঠিক হয়নি।