মানুষের বিরোধে প্রাণ গেল পাখির

মানুষের মধ্যে বিরোধ। তাই নিয়ে প্রাণ গেল কয়েক শ কোয়েল পাখির। আজ বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া শহরের আদর্শপাড়া এলাকায় কোয়েল বিশ্ব নামের একটি পাখির খামারে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, শত্রুতাবশত প্রায় সাড়ে চার শ কোয়েল পাখি মেরে ফেলা হয়েছে।
এলাকাবাসীরা জানান, আদর্শপাড়া এলাকায় জনৈক খলিলুর রহমানের জমির এক পাশে স্থানীয় যুবক মাহিন ইসলাম তিন মাস আগে কোয়েল বিশ্ব নামের একটি পাখির খামার গড়ে তোলেন। বেকারত্ব ঘোচাতে তিনি আরও তিন বন্ধুকে নিয়ে প্রায় এক কাঠা জমিতে এক হাজার ২০০ কোয়েল পাখির খামার গড়ে তোলেন। তিনি প্রতিদিন কোয়েল পাখি ও ডিম শহরের বাজারে ও স্থানীয় মানুষের কাছে বিক্রি করে আয় করতে থাকেন। গত বছর মাহিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। খলিলুর রহমানের নিকটতম আত্মীয় মাসুদুর রহমান তাঁকে পাখির খামার করার জন্য ওই জমি দেন। কয়েক সপ্তাহ আগে মাসুদুর রহমান খামারটি বন্ধ করে দিতে বলেন। ৩০ জানুয়ারির মধ্যে বন্ধ না করলে উচ্ছেদ করা হবে বলে হুমকি দেন। ভোরে মাহিন ঘুম থেকে উঠে দেখতে পান খামারের বাঁশের চাটাইয়ের বেড়া কাটা। কোয়েল থাকার ঘরের ভেতরে গিয়ে দেখেন, পাখিগুলো মরে পড়ে আছে। পাখিগুলো দেখে তাঁর দুঃস্বপ্ন মনে হয়েছে।
মাহিন ইসলাম জানান, পাখিগুলো প্রতিদিন ডিম দিচ্ছিল। এতে তাঁর প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে। মাহিন অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে, উচ্ছেদ করার জন্যই শত্রুতা করে বাঁশের বেড়া কেটে পাখিগুলো মারা হয়েছে। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিপূরণ না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মাহিনের প্রতিবেশী নাসির শেখ বলেন, মাহিন ছেলেটা বেশ ভালোভাবে কোয়েল পাখির খামারটা গড়েছিল। তাঁর কাছ থেকে পাখি কেনা হতো। শত্রুতা করে পাখি মারা বড়ই দুঃখজনক ঘটনা।
মাসুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খামারে দুর্গন্ধ ও অত্যাচার হচ্ছে বলে এক প্রতিবেশী অভিযোগ দেন। এ কারণে খামার সরানোর জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পাখি মারার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘মাহিন নিজেই পাখি মেরে আমার ওপর দোষ চাপাচ্ছে, যাতে তাঁকে আর খামারটি না সরাতে হয়।’