মানুষের বিরোধে প্রাণ গেল ১২০টি মেহগনি গাছের!
কিশোরগঞ্জের ভৈরবে ব্যক্তিমালিকানাধীন মেহগনি বাগানের ১২০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে এলাকাবাসী বাগানের মধ্যে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। জায়গা নিয়ে বিরোধের জের ধরে এলাকার কিছু ব্যক্তি গাছগুলো কেটেছে বলে দাবি করেছেন বাগানমালিক মাসুদ মিয়া। তবে কাঠ হিসেবে বিক্রির উপযোগী গাছগুলো কাটা হলেও তা নিয়ে যায়নি দুর্বৃত্তরা।এলাকাবাসী জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের মাসুদ মিয়া নামের এক ব্যক্তি পাশের ছনচারা গ্রামে ৩৫ শতাংশ জমির ওপর ১০ বছর আগে বাগানটি গড়ে তোলেন। বাগানে গাছের সংখ্যা প্রায় এক হাজার। কিন্তু গাছ লাগানোর পর থেকেই আশপাশের বাড়ির লোকজন রাস্তা তৈরির জন্য মাসুদ মিয়াকে বাগানের জায়গা ছাড়তে চাপ দিচ্ছিল। এ নিয়ে গ্রামের কিছু লোকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বাগানমালিক মাসুদ মিয়া বলেন, ‘আমি আমার পৈতৃক সম্পত্তির ওপর বাগান করেছি। কিছু লোক দাবি করছি বাগান কেটে রাস্তা করে দিতে। দুই পক্ষ থেকে জায়গা নিয়ে রাস্তা করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা শুধু আমার জায়গার ওপর দিয়ে রাস্তা বানাতে চায়।’বাগানমালিক দাবি করেন, রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য ছনচারা গ্রামের লাল মিয়া তাকে অনেক দিন ধরেই চাপ দিচ্ছিল। ওই শত্রুতার জের ধরেই তাঁর ক্ষতি করা হয়েছে।তবে বাগানমালিকের অভিযোগ অস্বীকার করে লাল মিয়া বলেন, ‘বাগানটি করার পর গ্রামবাসীর সহজ যাতায়াত বাধাগ্রস্ত হয়। জনগণের স্বার্থে রাস্তার জন্য মাসুদ মিয়ার কাছে জায়গা চেয়েছিলাম। কিন্তু তিনি এতে রাজি হননি। এটা নিয়ে তাঁর সঙ্গে আমাদের বিরোধ আছে সত্য, তবে আমরা কেউ গাছ কাটার ঘটনায় জড়িত নই।’