>গত কমিশনের ব্যর্থতা নির্বাচনী ব্যবস্থাকে খাদে ফেলে দিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর জন-অনাস্থা তৈরি হয়েছে
রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, মানুষের প্রশ্ন, তাঁরা ভোট দিতে পারবেন কি না। নতুন নির্বাচন কমিশনের (ইসি) কাছে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন নিয়ে মানুষের এই ধারণা পাল্টানো। মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা, আস্থা অর্জন করা। তবে শুধু ইসির সদিচ্ছা দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, এ জন্য নির্বাচনকালীন সরকারের মনোভাব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি মতৈক্য জরুরি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
গোলটেবিলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, আস্থা অর্জন করা নতুন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিশনের কথাবার্তায়, কাজে-কর্মে জনমনে এই আস্থা তৈরি হতে হবে যে এই কমিশন দলবাজি করবে না। কোনো ধরনের সংশয় যেন তৈরি না হয়। তিনি নতুন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, নির্বাচনের সময় প্রেষণে কর্মকর্তা আনা গ্রহণযোগ্য নয়। কারণ, তাতে ওই কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না। তিনি বিসিএসে ইলেকশন ক্যাডার করার পরামর্শ দেন।
ই-ভোটিং বা ইভিএম চালুর বিষয়ে শামসুল হুদা বলেন, এ বিষয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। যাদের ইভিএম তৈরির দায়িত্ব দেওয়া হবে তাদের ওপর যেন জনগণের আস্থা থাকে, সেটিও দেখতে হবে।
সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান। তিনি বলেন, নতুন কমিশন ব্যর্থ হলে সবার জন্য মহাবিপদ হবে।
গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। নৈতিক বলপ্রয়োগ ছাড়া শুধু প্রশাসনিক দক্ষতা দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, নতুন কমিশনের সামনে মাত্র দুটি বিকল্প রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে প্রশংসিত হওয়া এবং দ্বিতীয়টি হলো অগ্রহণযোগ্য নির্বাচন করে ইতিহাসে নিন্দনীয় হওয়া।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, মানুষের ধারণা পাল্টানো এই কমিশনের জন্য প্রথম চ্যালেঞ্জ। এখন রাস্তাঘাটের প্রশ্ন, মানুষ ভোট দিতে পারবে কি না। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংসদ নির্বাচন। সংবিধান পরিবর্তন হবে বলে মনে হয় না। এটি মাথায় রেখে এখন থেকেই ন্যূনতম গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য কাজ করতে হবে। আইনের প্রচুর সংস্কার করতে হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, নতুন কমিশনের অংশীজনদের আস্থায় নিয়ে কাজ করতে হবে। তিনি জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে সীমিত পর্যায়ে ই-ভোটিং চালুর পরামর্শ দেন।
মূল প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার নতুন কমিশনের সামনে ১৯টি চ্যালেঞ্জ তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা, সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা, আইনি কাঠামোতে পরিবর্তন আনা, আইনের প্রয়োগ, ভোটার তালিকা তৈরি, সীমানা পুনর্নির্ধারণ করা, সহিংসতা রোধ, আচরণবিধি মেনে চলা ইত্যাদি।
বদিউল আলম মজুমদার বলেন, গত কমিশনের ব্যর্থতা নির্বাচনী ব্যবস্থাকে খাদে ফেলে দিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর জন-অনাস্থা তৈরি হয়েছে। নতুন কমিশন বিতর্কমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে নির্বাচন কমিশনকে সরকারের সহায়তা ও সদাচরণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি মতৈক্য জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, কমিশনের যোগ্যতা ও সদিচ্ছা থাকলেও তা প্রয়োগের পরিবেশ আছে কি না, সেটি দেখতে হবে। নির্বাচনকালীন একটি সহায়ক সরকারব্যবস্থা না থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
অন্যদের মধ্যে সাবেক বিচারপতি আবদুল মতিন, গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।