মানুষের ব্যাপক সাড়া পেয়েছি: মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজন ঘোষ, চট্টগ্রাম
সিটি নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে গত রোববার রাত ১২টায়। গতকাল সোমবার প্রচারণা না থাকায় চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের দিনটি কেটেছে স্বজন আর কর্মী-সমর্থকদের সঙ্গে।
সকালে মা-বাবার কবর জিয়ারত করেন মনজুর আলম। এরপর আটটার দিকে নিউ মনসুরাবাদ এলাকায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে যান মনসুরাবাদ এলাকায় অবস্থিত দাদা-দাদির কবর জিয়ারত করতে। সকাল সাড়ে নয়টায় ফিরে আসেন উত্তর কাট্টলীর বাসভবনে। দিনভর কর্মী-সমর্থকেরা তাঁর বাসায় সাক্ষাৎ করতে এসেছেন। তাঁদের উৎসাহ দিয়েছেন। দুশ্চিন্তা করতে বারণ করছেন তাঁদের। বিকেলে নাতি-নাতনিদের সঙ্গ উপভোগ করেন।
গতকাল বেলা একটার দিকে, মনজুর আলমের বাসার নিচতলায় কিছু কর্মী-সমর্থক বসে ছিলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর দোয়া আছে। সকালে সকালে ভোটকেন্দ্রে চলে যাবেন। লাইন ধরে ভোট দেবেন।’ এই কর্মী-সমর্থকেরা এসেছিলেন নগরের পাহাড়তলী বাজার থেকে। তাঁদের সঙ্গে ছিলেন পাহাড়তলী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। তাঁর দাবি, এলাকায় বিএনপির সমর্থক বেশি। তাই তাঁদের এলাকায় তেমন কোনো সমস্যা হবে না।
এরপর প্রথম আলোর সঙ্গে আলাপকালে মনজুর আলম বলেন, ‘বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজন খোঁজখবর নিচ্ছে। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। গণসংযোগে যেখানে গিয়েছে, মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। দলে দলে মানুষ ছুটে এসেছে।’ রোববার তাঁর প্রচারণা কর্মীদের ওপর হামলার বিষয়ে মনজুর আলম বলেন, ‘এ ধরনের হামলা নিন্দনীয় ঘটনা। মানুষ এটি সাদরে গ্রহণ করেননি। লোকজন ফোন করে, বাড়িতে এসে সহানুভূতি জানিয়েছেন।’
মনজুর আলম দাবি করেন, প্রতিপক্ষের লোকজনের কিছু কার্যকলাপের কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, যা কেউ কামনা করেনি। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক তা সবাই চান। এ ব্যাপারে পুলিশ প্রশাসন, নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই কাজ করবেন বলে আশা করছি। আর নির্বাচনের দিন সেনাবাহিনী টহল দিলে সরকারের ভাবমূর্তি বাড়বে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
মনজুর আলম উত্তর কাট্টলীর হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।