
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে নয়, ভারতে ও তাঁর মনে পেয়ারে পাকিস্তান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষকে পুড়িয়ে মারবেন না। মানুষ তা বরদাশত করবে না।
গতকাল রোববার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকত তীরের লাবণী পয়েন্টে নবনির্মিত ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। এখানে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
গত বছরের ৩ সেপ্টেম্বর উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনা স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি নেত্রী বলেছিলেন, ‘আওয়ামী লীগ সরকার আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হবে না। সে জন্য নির্বাচন বন্ধে (তারা) স্কুলে আগুন দিয়েছে, প্রিসাইডিং অফিসার হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, বিজিবি হত্যা করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সরকার থাকলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। তাহলে আমি বিএনপির নেত্রীকে জিজ্ঞাসা করি, আপনি তো আওয়ামী লীগের অধীন নির্বাচনে যাবেন না বলেছিলেন। এখন তো উপজেলা নির্বাচনে ঠিকই যাচ্ছেন। সিটি করপোরেশন নির্বাচনেও যাচ্ছেন। তাহলে এত মানুষ পুড়িয়ে মারলেন কেন? শেখ হাসিনা বলেন, ‘আমি বিএনপি নেত্রীকে ফোন করে বললাম, পরীক্ষার সময় হরতাল দেবেন না। উনি বললেন, হরতাল দেবেন। ছেলেমেয়ে পড়াশোনা করলে ওনার কিছু আসে-যায় না। কারণ, উনি এসএসসি পরীক্ষায় পাস করতে পারেন নাই। পাস করেছিলেন উর্দু আর অঙ্কে। টাকাটা ভালো চেনেন, এ জন্য অঙ্কে পাস। আর উনি তো বাংলাদেশে জন্মগ্রহণ করেন নাই। জন্ম ভারতে। আর ওনার মনে পেয়ারে পাকিস্তান। সে জন্য উর্দুতে পাস করেন। ছেলেমেয়েরা যেন পরীক্ষায় পাস না করে তার জন্য হরতাল দেন।’
বিএনপির শরিক জামায়াতের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা অভিযোগ করেন, ‘গত বছরের মে মাসে তারা বায়তুল মোকাররমের ভেতর আগুন দিয়েছে। জায়নামাজে আগুন দিয়েছে। শত শত কোরআন শরিফ পুড়িয়েছে। আপনারা বলেন, কোরআন শরিফ যে পোড়ায়, সেই জামায়াত কী করে ইসলামের রাজনীতি করে?’
জনসভায় কক্সবাজারের লবণচাষিদের নায্যমূল্য পাওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘরবাড়ি পাবে। মানুষ কুঁড়েঘরে বাস করবে না। টিনের ঘর হলেও আমরা প্রত্যেক মানুষকে তা করে দেব।’ তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন হবে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। রামুর প্যাঁচার দ্বীপে মেরিন অ্যাকুরিয়াম করা হবে। মহেশখালীতে কয়লাভিত্তিক এক হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমল।