মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছিল বেসরকারি সংস্থা ব্র্যাক। সময়ের পরিক্রমায় আজ সেই সংগঠন বাংলাদেশ ছাড়িয়ে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে। ভবিষ্যতেও মানুষের ভাগ্যোন্নয়নে দেশে দেশে কাজ করে যেতে চায় ব্র্যাক।ব্র্যাকের ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই প্রতিশ্রুতি দিলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, কূটনীতিক, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ সুধীজন ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে ৪০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্র্যাক। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্রে সরকারকে বিশেষভাবে সহায়তা করছে সংগঠনটি।গত ৪০ বছরে দেশের উন্নয়নে ব্র্যাকের বিভিন্ন অবদান তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী। আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে ব্র্যাক কীভাবে কাজ করছে, তা জানান প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কর্মসূচির উপনির্বাহী পরিচালক ইমরান মতিন। বর্তমানে দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, লাইবেরিয়া, হাইতি, তানজানিয়া ও সিয়েরা লিওনে কাজ করছে ব্র্যাক।পরিচালনা পর্ষদের সদস্য অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের অবদান অনেক। তৃণমূল থেকে পরিবর্তনের সূচনা করছে ব্র্যাক। নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে দেশে-বিদেশে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।’ব্র্যাকের শুরুর দিকের কার্যক্রম তুলে ধরেন বেসরকারি সংস্থা নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির। তিনি ছিলেন ব্র্যাকের প্রথম কর্মকর্তা।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাকের পরিচালনা পর্ষদের সদস্য রোকেয়া এ রহমান, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, মার্কিন গবেষক মার্থা চেন, অর্থনীতিবিদ রিচার্ড ক্যাশ প্রমুখ। আলোচনা শেষে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।৪০ বছর পূর্তি উপলক্ষে ব্র্যাক বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও কিশোরীদের জীবন গঠনের বিষয় নিয়ে সচেতনতামূলক গানের সিডি প্রকাশ করা হবে। ২৪ মার্চ ব্র্যাক দিবসের অনুষ্ঠানে ৪০ জন কর্মীকে ‘মূল্যবোধ পুরস্কার’ দেওয়া হবে। আগামী অক্টোবরে উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।