মানুষের ভিড়, সারা রাত কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর প্লাজা মার্কেটে রাতেও ঈদের কেনাকাটায় প্রচণ্ড ভিড় l প্রথম আলো
সৈয়দপুর প্লাজা মার্কেটে রাতেও ঈদের কেনাকাটায় প্রচণ্ড ভিড় l প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এখন দিনরাত সমানতালে চলছে ঈদের কেনাকাটা। বাণিজ্যিক এই উপজেলা শহরে এখন অন্তত তিন জেলার মানুষ ভিড় করছে।

সরেজমিনে গত বুধবার রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, হাজারো মানুষের ভিড়। নারী-পুরুষ-শিশু দলে দলে গোটা বিপণিবিতানজুড়ে কেনাকাটায় ব্যস্ত। রাত ১২টার পর বিপণিবিতানের নারীদের আধুনিক পোশাকের শোরুম পিন্ধন-এ গিয়ে অন্য রকম দৃশ্য চোখে পড়ে। এত রাতেও সেখানে প্রচুর ক্রেতার জটলা। শোরুমের স্বত্বাধিকারী আহমেদা ইয়াসমিন ইলা বললেন, ঈদের কেনাকাটা এ বছর অনেক বেশি। ঈদ যতই ঘনিয়ে আসছে, তৈরি পোশাকের চাহিদা ততই বাড়ছে।

দিনাজপুরের খানসামা থেকে কেনাকাটা করতে এসেছিলেন কলেজশিক্ষক সামিউল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ বছর ধানের বাজার ভালো হওয়ায় ঈদ বাজারে এর প্রভাব পড়েছে। গ্রামের ক্রেতারাও কেনাকাটা করতে শহরে আসছেন।

সৈয়দপুরে ঈদ বাজার জমজমাট হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে—ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও সব ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকা। এ শহরে প্রতিদিন কেনাকাটার জন্য ছুটে আসছেন দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর ও পার্বতীপুর, রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ, নীলফামারী সদর, ডোমার, ডিমলা ও চিলাহাটির লোকজন। এমনকি ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকেও মানুষ আসছেন বৈচিত্র্যময় পোশাক কেনার জন্য। দেশি পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। এখানকার ব্যবসায়ীরা এ দুটি দেশের কাপড় বৈধ ও অবৈধভাবে নিয়ে এসে মজুত গড়ে তুলেছেন।

সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, সৈয়দপুর শহরের নিউ ক্লথ মার্কেট, পৌর বাজার, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক, শেরেবাংলা সড়ক ও সৈয়দপুর প্লাজা মার্কেটে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব মার্কেটে আনসার পুলিশের পাশাপাশি বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকেও নিরাপত্তামূলক নজরদারি রয়েছে। ফলে অনেকেই রাতেও কেনাকাটা করছেন। কেউ কেউ আবার সাহ্‌রি সেরেই বাজারে চলে আসছেন।

লন্ডা বাজারের পাইকারি বিক্রেতা ইনতাজুল হক জানালেন, এবারের ঈদে জিনস প্যান্ট, রঙিন শার্ট, পাঞ্জাবি, ফ্রক, থ্রিপিস, লেহেঙ্গা, লং ফ্রক, ছোটদের থ্রি-কোয়ার্টার প্যান্ট ইত্যাদির চাহিদা বেশি। পাশাপাশি স্যান্ডেল, জুতা, প্রসাধন সামগ্রীর ও মেয়েদের সাজসজ্জার সামগ্রীর বেচাকেনা বেশ হচ্ছে। এ বাজারে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতাদের ভিড় রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের ক্রেতাদের পছন্দের বাজার এটি।

লন্ডা বাজারে কথা হয়, কুষ্টিয়া থেকে আসা পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গরিবের পোশাক মানে সৈয়দপুরে ক্ষুদ্র গার্মেন্টসে তৈরি পোশাক। এসব পোশাকের দেশব্যাপী চাহিদা রয়েছে।

এদিকে ঈদ ঘিরে সৈয়দপুরে কয়েকটি অস্থায়ী বাজারও গড়ে উঠেছে। শিল্প সাহিত্য সংসদ, বাবু আলী প্লাজাসহ কয়েকটি নির্মাণাধীন বহুতল ভবনে বসেছে অস্থায়ী ঈদ বাজার। এসব বাজারেও চোখে পড়ার মতো ক্রেতাসমাগম দেখা গেল।

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ঈদের বাজারে বাইরে থেকে আসা ক্রেতাদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখে শহর যানজটমুক্ত রাখতে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। ঈদের কদিন ফুটপাত বা রাস্তায় কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।