মানুষের মতো মানুষ হতে বই পড়ার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সব শিক্ষার মূল লক্ষ্য মনুষ্যত্ব অর্জন। তাই মানুষের মতো মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। উপাচার্য আরেফিন সিদ্দিক আরও বলেন, অভিভাবকদের শুধু জিপিএ-৫ বা ভালো ফলের জন্য সন্তানদের তাগিদ দিলে হবে না। তাদের পাঠ্যাভ্যাস তৈরির দিকে নজর দিতে হবে। সুধীজন পাঠাগারের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সুধীজন পাঠাগার ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।পাঠাগারের পরিচালক মোহাম্মদ আইউবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের। সুধীজন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক ফজলে রাব্বি ও নড়াইলের রামনারায়ণ পাবলিক লাইব্রেরির প্রবীণ গ্রন্থাগারিক আবদুল মালেক বিশ্বাস। অনুষ্ঠানে সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক হোসেন জামালের নামে প্রবর্তিত ‘১১তম হোসেন জামাল স্মৃতি পুরস্কার’ ২০১১-এর নগদ ৫০ হাজার টাকা ও সম্মাননা তুলে দেওয়া হয় আবদুল মালেক বিশ্বাসের হাতে। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১১ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীর হাতে হাজী ইলিয়াস স্মৃতি বৃত্তি, হাজী রহমতউল্লাহ ও সাহারা খাতুন স্মৃতি বৃত্তি, অধ্যাপক নুরুল হক বৃত্তি, আলী আহম্মদ চুনকা স্মৃতি বৃত্তি, এ এ আবদুল আলী ও সৈয়দা সুলতানা বানু স্মৃতি বৃত্তি ও হেদুন মিয়া স্মৃতি বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।